ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জ্বালানি সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ৩ এপ্রিল ২০২৬   আপডেট: ২১:১০, ৩ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “জ্বালানি সংকটের কারণে দেশের শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা নেই। গ্যাসনির্ভর শিল্পগুলোতে প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করেই জ্বালানি ব্যবস্থাপনা করা হচ্ছে।”

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সিলেটে নিজ বাসভবনে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “যে সমস্ত শিল্প গ্যাসের মাধ্যমে পরিচালিত হয়, সেসব শিল্পে গ্যাস সরবরাহ নিশ্চিত রেখেই অন্যান্য পরিকল্পনা করা হয়। জ্বালানি মন্ত্রণালয় এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে, ফলে শিল্প উৎপাদনে কোনো ধরনের ঘাটতির সুযোগ নেই।”

জ্বালানি ব্যবহারে সাশ্রয়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “শুধু ব্যক্তিগত নয়, জাতীয় স্বার্থেও সবাইকে সচেতন হতে হবে। আমরা যদি জ্বালানি সাশ্রয় করতে পারি, তাহলে দীর্ঘ সময় ধরে তা ব্যবহার করা সম্ভব হবে এবং আমদানি নির্ভরতা কমবে। এতে বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমবে।”

জ্বালানি সংকট নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে আব্দুল মুক্তাদির বলেন, “এ বিষয়ে স্বাভাবিকতা বজায় রাখতে হবে। সবাই মিলে যদি সতর্ক থাকি এবং অপ্রয়োজনীয় ব্যবহার কমাই, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।”

সরকারি-বেসরকারি অফিসের সময়সূচী পরিবর্তন প্রসঙ্গে মন্ত্রী বলেন, “সন্ধ্যা ৬টার পর বিদ্যুতের চাহিদা বাড়ে। এ সময় সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা গেলে অতিরিক্ত চাপ এড়ানো সম্ভব।”

উদাহরণ টেনে তিনি বলেন, “বিশ্বের অনেক দেশে ঋতুভেদে সময়সূচীতে পরিবর্তন আনা হয়, তবে বাংলাদেশে তা প্রচলিত নয়। বর্তমান পরিস্থিতিতে কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, যা সবাইকে মেনে চলতে হবে।”

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, “আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে সৌদি আরবসহ বিভিন্ন উৎসে দাম বাড়ার কারণে দেশে এর প্রভাব পড়েছে।”

ঢাকা/মোসাইদ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়