রিয়ালের ম্যাচের আগে কেইনকে নিয়ে দুশ্চিন্তায় বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুশ্চিন্তায় বায়ার্ন মিউনিখ। দলের প্রধান ভরসা হ্যারি কেইন চোটের কারণে সময়ের সঙ্গে লড়াই করছেন- রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামতে পারবেন কি না, তা এখনো অনিশ্চিত।
৩২ বছর বয়সী এই স্ট্রাইকার জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের সময় গোড়ালিতে চোট পান। এর ফলে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি তিনি, যেখানে ইংল্যান্ড ১-০ গোলে হারে। এর আগেও উরুগুয়ের বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি জানিয়েছেন, শনিবার ফ্রাইবুর্গের বিপক্ষে লিগ ম্যাচে কেইন খেলতে পারবেন না। তবে আশা ছাড়ছেন না তিনি। কোম্পানি বলেন, “রোববার পর্যন্ত কেইন ভালোই অনুশীলন করছিল। কিন্তু জাতীয় দলের সঙ্গে থাকাকালে গোড়ালিতে সমস্যা অনুভব করে। তাই পরের ম্যাচে সে থাকবে না। তবে মঙ্গলবারের ম্যাচ নিয়ে আমি আশাবাদী।”
কেইনের গুরুত্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই। ইংল্যান্ডের হয়ে ৭৮ গোল করা এই ফরোয়ার্ড শুধু জাতীয় দলেই নয়, ক্লাবের জন্যও অপরিহার্য। সাম্প্রতিক ম্যাচগুলোতে ইংল্যান্ডের আক্রমণভাগে তার অনুপস্থিতি স্পষ্ট হয়ে উঠেছে।
চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ৪৫ ম্যাচে ৫৩ গোল করেছেন কেইন, যা তার দুর্দান্ত ফর্মেরই প্রমাণ। তাই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের আগে তাকে নিয়ে চিন্তিত বায়ার্ন শিবির।
আগামী মঙ্গলবার মাদ্রিদের মাঠে প্রথম লেগে মুখোমুখি হবে দুই দল। এরপর ৮ দিন পর মিউনিখে অনুষ্ঠিত হবে ফিরতি লেগ।
লিগে বর্তমানে বায়ার্ন ৯ পয়েন্ট ব্যবধানে শীর্ষে রয়েছে। তবে ইউরোপের মঞ্চে সবচেয়ে বড় পরীক্ষার আগে তাদের চোখ এখন একটাই- কেইন কি সময়মতো ফিরতে পারবেন?
ঢাকা/আমিনুল
২৪ ঘণ্টায় হামে আরো ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭