ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জয়ে মৌসুম শেষ রিয়ালের, শেষ ম্যাচেও হারল বার্সা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ২৪ মে ২০২৬   আপডেট: ১৩:২৭, ২৪ মে ২০২৬
জয়ে মৌসুম শেষ রিয়ালের, শেষ ম্যাচেও হারল বার্সা

স্প্যানিশ লিগের শিরোপা আগেই নির্ধারিত হয়ে যাওয়ায় শেষ রাউন্ডে তেমন চাপ ছিল না শীর্ষ দুই দলের ওপর। তবে মৌসুমের শেষ ম্যাচে ভিন্ন চিত্র দেখা গেল দুই জায়ান্টের পারফরম্যান্সে। শনিবার রাতে নিজেদের মাঠে দাপুটে ফুটবল খেলে বড় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। বিপরীতে, ভ্যালেন্সিয়ার মাঠে হোঁচট খেয়ে হার দিয়ে লিগ শেষ করেছে বার্সেলোনা।

ঘরের মাঠে অ্যাথলেটিক ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে মৌসুম শেষ করেছে রিয়াল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিকরা। ম্যাচের ১১ মিনিটে গনজালো গার্সিয়ার গোলে এগিয়ে যায় দলটি। এরপর ৪০ মিনিটে ব্যবধান আরও বাড়ান জুদ বেলিংহাম। তবে বিরতিতে যাওয়ার আগে গোরকা গুরুয়েতার গোলে ব্যবধান কমায় অ্যাথলেটিক ক্লাব।

আরো পড়ুন:

দ্বিতীয়ার্ধে রিয়াল আরও গুছিয়ে খেলতে থাকে। ৫০ মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করে ব্যবধান ৩-১ করেন। শেষ দিকে ৮৭ মিনিটে ব্রাহিম দিয়াজ লক্ষ্যভেদ করলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। যোগ করা সময়ে উরকো ইজেতার গোল ব্যবধান কিছুটা কমালেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরো সময়ই ছিল রিয়ালের দখলে।

এই জয়ে ৩৮ ম্যাচে ২৭ জয়, ৫ ড্র ও ৬ হারে ৮৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে মৌসুম শেষ করল মাদ্রিদের দলটি।

এই ম্যাচটি রিয়ালের জন্য আবেগঘনও ছিল। দানি কারভাহাল ও ডেভিড আলাবার এটিই ছিল শেষ লিগ ম্যাচ রিয়ালের জার্সিতে। পাশাপাশি কোচ আলভারো আরবেলোয়ার দায়িত্বেরও শেষ ম্যাচ ছিল এটি। বড় জয় দিয়ে তাদের বিদায় স্মরণীয় করে রাখল দলটি।

অন্যদিকে ভ্যালেন্সিয়ার মাঠে সুবিধা করতে পারেনি বার্সেলোনা। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ৬০ মিনিটে রবার্ট লেভানদোভস্কির গোলে এগিয়ে গিয়েছিল কাতালানরা। তবে সেই লিড ধরে রাখতে পারেনি তারা।

গোল হজমের পর ঘুরে দাঁড়ায় ভ্যালেন্সিয়া। ৬৫ মিনিটে জাভি গুরেইরা সমতা ফেরান। এরপর ৭০ মিনিটে রিওজার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। যোগ করা সময়ের ৬ মিনিটে গুইদো রদ্রিগেজ শেষ আঘাত হানলে ৩-১ ব্যবধানে হার নিশ্চিত হয় বার্সেলোনার।

শিরোপা আগেই নিশ্চিত করলেও শেষ ৩ ম্যাচের মধ্যে ২টিতে হেরেছে বার্সেলোনা। তবুও ৩৮ ম্যাচে ৩১ জয়, ১ ড্র ও ৬ পরাজয়ে ৯৪ পয়েন্ট নিয়ে টানা ২ মৌসুম চ্যাম্পিয়ন হিসেবেই লিগ শেষ করেছে তারা। একশ পয়েন্ট স্পর্শের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়