ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বল বিতর্কের জেরে ফখর জামান নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ৩১ মার্চ ২০২৬  
বল বিতর্কের জেরে ফখর জামান নিষিদ্ধ

পাকিস্তান সুপার লিগে বল বিকৃতি বিতর্কের জেরে শেষ পর্যন্ত বড় শাস্তি পেলেন ফখর জামান। অভিযোগ অস্বীকার করলেও আজ মঙ্গলবার তাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। যা নতুন করে আলোচনায় এনে দিয়েছে পুরো লিগকে।

লাহোর কোয়ালান্ডার্স ও করাচি কিংসের ম্যাচেই এই বিতর্কের সূচনা। শেষ ওভারের আগে ফখরকে বলের ওপর অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। যা মুহূর্তেই আম্পায়ারের নজরে পড়ে। অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফের সঙ্গে আলোচনা চলার মাঝেই ফখরকে বলের সিমে আঁচড় কাটতে দেখা যায়।

আরো পড়ুন:

অন-ফিল্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন এবং করাচি কিংসকে দেওয়া হয় ৫ রান পেনাল্টি। সেই সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ ওভারে লক্ষ্য ১৪ থেকে কমে দাঁড়ায় ৯ রানে। যা সহজেই তাড়া করে ৪ উইকেটের জয় পায় করাচি।

পরে ম্যাচ রেফারি রোশন মহানামার ডাকা শুনানিতে নিজের পক্ষে অবস্থান নেন ফখর। তিনি দাবি করেন, বলের অবস্থা পরিবর্তন করেননি, বরং বোলারের সমস্যার কারণে সিম ঠিক করছিলেন। তবে রেফারি সন্তুষ্ট হননি। তার মতে, প্রমাণ যথেষ্ট ছিল বলের অবস্থা বদলানোর বিষয়টি নিশ্চিত করতে।

শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডও এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি। আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়, আচরণবিধির ২.১৪ ধারা ভঙ্গের দায়ে ফখরকে লেভেল ৩ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং ২ ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এই শাস্তির ফলে লাহোর কোয়ালান্ডার্সের হয়ে মুলতান সুলতানস ও ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচগুলোতে খেলতে পারবেন না ফখর। যা দলের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলতে পারে।

এদিকে, লিগজুড়ে শৃঙ্খলা ভঙ্গের ঘটনা যেন বাড়ছেই। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় পেসার নাসিম শাহকে ২০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এছাড়া নিরাপত্তা নিয়ম ভঙ্গের অভিযোগে শাহীন শাহ আফ্রিদিকেও গুনতে হয়েছে ১০ লাখ রুপি জরিমানা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়