ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চোরকে দিয়ে রাস্তা ঝাড়ু দেওয়ালেন এলাকাবাসী

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ৩১ মার্চ ২০২৬   আপডেট: ২৩:০১, ৩১ মার্চ ২০২৬
চোরকে দিয়ে রাস্তা ঝাড়ু দেওয়ালেন এলাকাবাসী

সাধারণত, চোর ধরা পড়লে এলাকাবাসী তাকে মারধর করে বা পুলিশের হাতে তুলে দেয়। তবে, ঠাকুরগাঁওয়ে চোরকে ভিন্ন রকম শাস্তি দেওয়া হয়েছে। চোর ধরা পড়ার পরে তাকে মারধর করা হয়নি। চুরির শাস্তি হিসেবে প্রায় ১ কিলোমিটার রাস্তা ঝাড়ু দিতে হয়েছে চোরকে। 

মঙ্গলবার (৩১ মার্চ) ঠাকুরগাঁও সদর উপজেলার মন্দির পাড়া এলাকায় এ ব্যতিক্রমী ঘটনা ঘটে। 

শাস্তি পাওয়া চোর মাসুদ (৩০) একই উপজেলার পূর্ব গোয়ালপাড়া এলাকার এনামুলের ছেলে। 

প্রত্যক্ষদর্ষীরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে মন্দির পাড়ার মাছ বাজার থেকে একটি বাইসাইকেল চুরি করে পালিয়ে যাচ্ছিলেন মাসুদ। সাইকেলের মালিক দ্রুত দৌড়ে তাকে ধরে ফেলেন। পরে এলাকাবাসী মাসুদকে ধরে প্রথমে বেঁধে রাখে। 

চোরকে কী শাস্তি দেওয়া যায়, তা নিয়ে চলে আলোচনা। অনেকেই মারধর করা বা পুলিশ হেফাজতে দেওয়ার পরামর্শ দেন। শেষে এক ভিন্ন রকম শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন এলাকাবাসী। চোরকে এলাকার প্রধান সড়ক ঝাড়ু দিতে বলা হয়। মাসুদও সে শাস্তি মেনে নেন। ঝাড়ু দেওয়া রাস্তার পরিমাণ আনুমানিক ১ কিলোমিটার। 

ভিন্ন রকম এই শাস্তির ঘটনা জানাজানি হলে তা দেখতে আশপাশের বিভিন্ন এলাকার উৎসুক মানুষ ভিড় জমান। সবাই বিষয়টির প্রসংশা করেন।

সাদিকুল নামের এক ব্যক্তি বলেন, “ভিন্ন রকম এই শাস্তি আমার বেশ ভালো লেগেছে। অপরাধীকে মারধর করে আহত করলে বা পুলিশ হেফাজতে দিলে সে একাই শাস্তি পায় না, সাথে শাস্তি পায় তার পরিবার। এই শাস্তি পেয়ে যদি তার শিক্ষা হয়, তাহলে বেশ ভালো হবে।”

মন্দির পাড়ার বাসিন্দা হুসাইন সাইফুল্লাহ রুবেল বলেন, “অনেকেই চোরকে পুলিশে দেওয়ার কথা বলছিল। অনেকে মারধর করার চেষ্টা করেছে। আমরা তাদেরকে প্রতিহত করেছি। এলাকার রাস্তাটা বেশ ময়লা ছিল। পৌরসভা ঠিকমতো ঝাড়ু দেয় না। তাই ভাবলাম, খারাপ কাজের শাস্তি হিসেবে একটা ভালো কাজ করুক।” 

চুরির ঘটনায় অভিযুক্ত মাসুদ জানিয়েছেন, এটাই তার প্রথম চুরি। তিনি পেশায় ট্রাকের হেলপার। তিনি অনলাইন জুয়ায় নগদ ১ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন বিক্রির ২ হাজার ৬০০ টাকা হেরেছেন। পরিবারকে দেওয়ার মতো কোনো টাকা ছিল না। নিজের ব্যবহারের জন্যে একটা মোবাইল ফোনও দরকার। তাই, উপায় না পেয়ে বাইসাইকেল চুরি করেন। মারধর বা পুলিশে না দিয়ে রাস্তা ঝাড়ুর শাস্তি দেওয়ায় তিনি খুশি। আর কখনো চুরি করবেন না বলেও প্রতিজ্ঞা করেছেন মাসুদ। 

ঢাকা/হিমেল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়