পঞ্চগড়ে খোলাবাজারে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীর ৭ দিন কারাদণ্ড
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
খোলা বাজারে পেট্রোল বিক্রি করায় কেশব রায়কে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় খোলা বাজারে পেট্রোল বিক্রির দায়ে কেশব রায় (২৭) নামে এক মোটরসাইকেল পার্টস ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে অভিযান পরিচালনা করে তাকে পেট্রোল বিক্রি করা অবস্থায় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। পরে পুলিশের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় ২৭ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।
দণ্ডাদেশ পাওয়া কেশব রায় উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের কুমারগারী এলাকার সুভাষ রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ উপজেলা সদরের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে খন্দকার মার্কেটে কেশবের মোটরসাইকেল পার্টসের ব্যবসা প্রতিষ্ঠান আছে। তিনি দীর্ঘদিন ধরে দেবীগঞ্জ উপজেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন পেট্রোল পাম্প হতে পেট্রোল কিনে বাড়তি লাভের আশায় অবৈধভাবে মজুদ করে রাখছিলেন। কেশব মজুদ করা তেল ২৫০ থেকে ৩০০ টাকা লিটার হিসেবে বিক্রি করছিলেন। পরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করার বিষয়টি স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পর সেখানে অভিযান চালানো হয়।
পরে কেশব রায়কে অবৈধভাবে তেল মজুদ ও সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে জব্দ করা ২৭ লিটার পেট্রোল বিক্রির ৩ হাজার ১৩২ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, আগামীতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
ঢাকা/নাঈম/বকুল
২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে এল ‘পিভিটি সোলানা’