কৃষি জমির মাটি কাটা বন্ধে রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের তেলিপাড়া মৌজায় এ অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযান চলাকালে ঘটনাস্থলে জয়নাল আবেদীন নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি নিজেকে জমির আংশিক মালিক হিসেবে পরিচয় দেন। তিনি জানান, তার সম্মতিতেই জমি থেকে মাটি কাটার কাজ চলছিল। কৃষি জমি মাটি কাটা আইনত দণ্ডনীয় এ বিষয়ে তিনি অবগত ছিলেন না বলেও জানান। ভবিষ্যতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর বিকল এবং তাৎক্ষণিকভাবে মাটি কাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন জানান, কৃষি জমি রক্ষা এবং অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
ঢাকা/রতন/মাসুদ