ঢাকা     সোমবার   ১৮ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩ || ১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভ্যান চুরির অভিযোগে পিটিয়ে ও গরম পানি ঢেলে যুবককে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ১৮ মে ২০২৬  
ভ্যান চুরির অভিযোগে পিটিয়ে ও গরম পানি ঢেলে যুবককে হত্যার অভিযোগ

নিহত দুদু মিয়া

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে ভ্যান চুরির অভিযোগে দুদু মিয়া (২২) নামে এক যুবককে তুলে নিয়ে নির্মম নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। 

রবিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাউসপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহত দুদু মিয়া আসাননগর গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি দুই সন্তানের জনক। তার ছোট সন্তানের বয়স মাত্র চার মাস।

স্থানীয় সূত্রে ও আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরায়েল জানান, হাউসপুর গ্রামের হাফিজুরের ছেলে অন্তুরের একটি ভ্যান গত শুক্রবার রাতে চুরি হয়। এ ঘটনায় দুদু মিয়াকে সন্দেহ করা হয়। অভিযোগ রয়েছে, রবিবার সকালে সুমন, আশিক, বায়োজিদ, রফিক ও শাকিলসহ কয়েকজন দুদুর বাড়িতে গিয়ে তার মাকে হুমকি দিয়ে বলেন, “দুদুকে যেখানে পাওয়া যাবে, সেখানেই হত্যা করা হবে।”

পরে রাত ৯টার দিকে সংঘবদ্ধভাবে দুদুকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তার নাকে গরম পানি ঢেলে পৈশাচিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে। নির্যাতনের একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে অভিযুক্তরা তাকে আলমডাঙ্গার হাউসপুর এলাকার একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর দুর্বৃত্তরা দ্রুত মরদেহটি ক্লিনিক থেকে নিয়ে হাউসপুর বটতলা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। তবে অভিযুক্ত কোনো ব্যক্তির এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

এদিকে এ নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়