বরিশালে পাওনা টাকা নিয়ে বিবাদে যুবককে কুপিয়ে হত্যা
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরিশালের মুলাদী উপজেলায় পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আল আমিন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রবিবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মুলাদী উপজেলা বালিয়াতলী গ্রামে হত্যাকাণ্ড ঘটে।
নিহত আল আমিন মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের বালিয়াতলী গ্রামের হানিফ হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিনের সঙ্গে স্থানীয় বাসিন্দা নোমান পন্ডিত, আজিজুল সরদার ও সাহাবুদ্দিন ঘরামীসহ কয়েক ব্যক্তির দীর্ঘ দিন ধরে আর্থিক লেনদেন ছিল। আজ রবিবার (১৭ মে) দুপুরে টাকা দেবে বলে আল আমিনকে তাদের বাড়িতে ডেকে নেয়। টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দেনাদার নোমান পন্ডিত, আজিজুল সরদার, সাহাবুদ্দিন ঘরামীর নেতৃত্বে আল আমিনকে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
পরে অভিযুক্তরা নিজেরাই দুপুর ৩টার দিকে আল আমিনকে চিকিৎসার জন্য মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিসক মৃত্যু ঘোষণা করে।
খবর পেয়ে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত নোমান পন্ডিত, আজিজুল সরদার ও সাহাবুদ্দিন ঘরামীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করে।
নিহত আল আমিনের আত্মীয় আলাউদ্দিন সিকদার বলেন, হত্যাকারীরা এলাকার চিহ্নিত মাদকসেবী ও বিক্রেতা। তারা আল আমিনকে পাওনা টাকা দেবে বলে ডেকে নিয়ে হত্যা করেছে। তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ ঘটনায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটন এবং জড়িত বাকি আসামিদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।
লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/পলাশ/বকুল