নেত্রকোণায় পাওনা টাকার বিরোধে কৃষক নিহত
নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নেত্রকোণার কলমাকান্দায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবুল মিয়া (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।
রবিবার (১৭ মে) উপজেলার খারনৈ ইউনিয়নের বড়দল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া ওই গ্রামের মৃত সোনাহর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধান কাটার পাওনা টাকা নিয়ে নিহতের ছেলে সিরাজুল ইসলামের সঙ্গে একই গ্রামের সাদ্দাম মিয়ার বিরোধ চলছিল। রবিবার সকালে ওই টাকার বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় সাদ্দাম ও তার সহযোগীরা সিরাজুলকে মারধর শুরু করলে রক্ষা করতে এগিয়ে যান বাবুল মিয়া। পরে তাকেও মারধর করা হয়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা বাবুল মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযান চালিয়ে সাদ্দামের ভাই মোস্তাকিন মিয়াকে সম্পৃক্ততার অভিযোগে আটক করেছে পুলিশ।
কলমাকান্দা থানার ওসি আবুল হাশেম জানান, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।”
ঢাকা/ইবাদ/রাজীব