সোনারগাঁয়ে ছুরিকাঘাতে আহত ঠিকাদারের মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছুরিকাঘাতে আহত এক ঠিকাদার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম নুরুউদ্দিন হাওলাদার। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রবিবার (১৭ মে) ভোরে তিনি মারা যান। এর আগে, গত বৃহস্পতিবার উপজেলার মেঘনা নিউটাউন আবাসিক এলাকায় এ ঘটনায় ঘটে।
নিহত নুরুউদ্দিন হাওলাদার ভোলার মালেরহাট গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে গঙ্গানগর এলাকার আব্দুর রবের বাড়ির ঠিকাদারি কাজ করেছিলেন নূরুউদ্দিন। কাজ শেষ হলেও পাওনা টাকা পরিশোধ করেননি তিনি। উল্টো হুমকি দিয়ে আসছিলেন।
বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে আব্দুর রব ও তার দুই ছেলে হৃদয় ও শুভ নুরুউদ্দিনের বাড়ির সামনে এসে ভবনের বাকি অংশের কাজ করে দেওয়ার জন্য বলেন। তখন সময় পাওনা টাকা পরিশোধ করার কথা বললে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে হৃদয় তার কাছে থাকা সুইচ গিয়ার বের করে নুরুউদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে নুরুউদ্দিন মারা যান।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) জামাল হোসেন বলেন, “নিহতের মরদেহ ঢামেক মর্গে আছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করেছে।”
ঢাকা/অনিক/রাজীব