ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাঙামাটিতে শিক্ষক বদলির প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ১৭ মে ২০২৬  
রাঙামাটিতে শিক্ষক বদলির প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

সরকারি নিয়ম উপেক্ষা করে এক উপজেলা থেকে অন্য উপজেলায় শিক্ষক বদলির প্রতিবাদে রাঙামাটির নানিয়ারচরে মানববন্ধন করেছে স্থানীয়রা। তাদের অভিযোগ করেছেন, এভাবে বদলি করায় স্থানীয় চাকরিপ্রার্থীরা নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

রবিবার (১৭ মে) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মূল ফটকের সামনে নানিয়ারচর উপজেলাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আরো পড়ুন:

মানববন্ধনে বক্তব্য দেন কবিতা চাকমা, শ্রীতন চাকমা, নিউটন চাকমা, বিদ্যাজয় চাকমাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করে বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস সরকারি নিয়ম অনুসরণ না করে নিজেদের খেয়াল-খুশিমতো অন্য উপজেলা থেকে সহকারী ও প্রধান শিক্ষকদের নানিয়ারচরে বদলি করছে। তারা এ ধরনের বদলির প্রতিবাদ জানান এবং যেসব শিক্ষককে নানিয়ারচরে বদলি করা হয়েছে, তাদের আগের কর্মস্থলে ফেরত পাঠানোর দাবি জানান।

বক্তারা আরো বলেন, অন্য উপজেলা থেকে শিক্ষক বদলি হয়ে আসায় নানিয়ারচরের শূন্য পদগুলো পূরণ হয়ে যাচ্ছে। ফলে স্থানীয়রা শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তারা।

মানববন্ধন শেষে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে পার্বত্য উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

প্রসঙ্গত, পার্বত্য জেলাগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ উপজেলাভিত্তিকভাবে দেওয়া হয়। ফলে এক উপজেলার বাসিন্দা অন্য উপজেলায় চাকরির আবেদন করতে পারেন না।

ঢাকা/শংকর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়