বিশ্বকাপের প্রস্তুতি নিতে তুরস্কে ইরান
বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে, ততই ব্যস্ত হয়ে উঠছে দলগুলোর প্রস্তুতি। মাঠের অনুশীলনের পাশাপাশি কূটনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জও সামলাতে হচ্ছে অনেক দেশকে। সেই তালিকায় রয়েছে ইরানও। বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে সোমবার তুরস্কে যাচ্ছে ইরানের জাতীয় দল।
ইরান কোচ আমির ঘালেনোয়ি জানিয়েছেন, তুরস্কে অনুশীলন ক্যাম্প, প্রস্তুতি ম্যাচ এবং যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবে তার দল। এরপর সেখান থেকে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাবে তারা।
মার্চ মাসেও তুরস্কের আনাতোলিয়ায় অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলেছিল ইরান। এবারও সেই শহরেই ক্যাম্প করবে ‘টিম মেল্লি’।
প্রাথমিকভাবে ৩০ সদস্যের দল নিয়ে তুরস্ক যাচ্ছে ইরান। তবে বিশ্বকাপের নিয়ম অনুযায়ী পরে সেটি কমিয়ে ২৬ জনে নামিয়ে আনতে হবে। দলে সবচেয়ে পরিচিত নাম ৩৩ বছর বয়সী স্ট্রাইকার মেহদি তারেমি। সাবেক পোর্তো তারকা বর্তমানে খেলছেন অলিম্পিয়াকোসে।
দল নির্বাচন নিয়ে ঘালেনোয়ি বলেন, “বিশ্বকাপের আগে এই চূড়ান্ত প্রস্তুতি ক্যাম্পের জন্য ৩০ জন খেলোয়াড় বেছে নেওয়া ছিল আমার কোচিং জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি।”
তিনি জানান, শুধুমাত্র দক্ষতার ভিত্তিতেই খেলোয়াড় নির্বাচন করা হয়েছে।
তুরস্কে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় ইরান। এর মধ্যে একটি ম্যাচ ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। আগামী ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।
তবে মাঠের বাইরের বড় চ্যালেঞ্জ এখন যুক্তরাষ্ট্রের ভিসা। ১৯৮০ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উত্তেজনাপূর্ণ। ফলে খেলোয়াড়দের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে তুরস্ককেই বেছে নেওয়া হয়েছে।
ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ জানিয়েছেন, এখনও কোনো খেলোয়াড়ের ভিসা ইস্যু হয়নি। ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে খেলোয়াড়দের আঙুলের ছাপও দিতে হবে।
এদিকে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ও আনুষ্ঠানিকতা নিয়ে উদ্বেগ বাড়ছে ইরান শিবিরে। এসব বিষয় নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে আলোচনারও পরিকল্পনা রয়েছে ইরান ফুটবল কর্তাদের।
শনিবার ইস্তাম্বুলে তুরস্ক ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম এথেম হাজিওসমানওগলু এবং ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রমের সঙ্গে বৈঠক করেছে ইরানি প্রতিনিধি দল।
বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর অ্যারিজোনার টাকসনে নিজেদের বেস ক্যাম্প গড়বে ইরান।
আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। এরপর একই শহরে বেলজিয়াম এবং সিয়াটলে মিসরের মুখোমুখি হবে ইরান।
ঢাকা/আমিনুল