ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিশ্বকাপ ফুটবল নিয়ে গান: মানবতাবাদের বার্তা দিলেন মাহবুবুল খালিদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ৬ মে ২০২৬   আপডেট: ১৫:৫০, ৬ মে ২০২৬

‘বিশ্বকাপ ফুটবল ২০২৬’ উপলক্ষে মুক্তি পেয়েছে নতুন গান ‘নান নান নান না’। মাহবুবুল খালিদের লেখা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। গানটির সংগীতায়োজন করেছেন রোমান রহমান।  

‘নান নান নান না’ গানটি প্রকাশিত হয়েছে ‘খালিদ সংগীত’ শিরোনামের সংগীতভিত্তিক ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি শোনা যাচ্ছে। 

আরো পড়ুন:

বিশ্বকাপ ফুটবল উন্মাদনাকে ভিন্ন এক দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছে গানটি। এখানে ফুটবল শুধু খেলা নয়; বরং মানুষের ভেদাভেদ ভুলে এক হওয়ার প্রতীক। “মানি না কালা সাদা, মানি না বর্ণের বাধা”—এমন কথার মধ্য দিয়ে উঠে এসেছে সাম্য, মানবতা আর বৈষম্যবিরোধী কড়াবার্তা। ধর্ম, বর্ণ কিংবা শ্রেণি বিভাজনের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ গড়েছে গানটির প্রতিটি পঙক্তি।  

“নান নান নান না, না না না না না/মানি না কালা সাদা/মানি না বর্ণের বাধা/ যাক যাক যাক চুলায় যাক না/ কানফাটা এক চিৎকারে সব চুলায় যাক না॥/দাসের ছেলে নাইকো দাস/সাদা কালোর একসাথে বাস/পরুক জাতিভেদের গলায় ফাঁস।/ধর্মের নামে বাড়াবাড়ি মারামারি মনুষ্য হত্যা/মানি না নিপাত যাক,/ যাক যাক যাক নিপাত যাক/সবার উপর মানুষ সত্য এই কথাটাই থাক/শুধু এই কথাটাই থাক, থাক না…/শুধু এই কথাটাই থাক না॥/মেক্সিকো কানাডা আমেরিকা/চলো যাই কলম্বাসের দেশে/চলো লাল ভারতের দেশে-/রেড রেড রেড, রেড ইন্ডিয়ায় শেষে।/দেখো দাসের ছেলে আর তার মালিকের ছেলে/একসাথে খেলে/কেমনে একসাথে খেলে/দিচ্ছে গোল খাচ্ছে গোল ভেদাভেদ ভুলে।/যাক যাক যাক যাকনা/সব গোল্লায় যাক না/ভেদাভেদ সব গোল্লায় যাক না॥”—এমন কথামালায় সাজানো হয়েছে গানটি। 

গানের দৃশ্যপটেও রয়েছে বিশ্বজনীনতা। মেক্সিকো, কানাডা, আমেরিকা থেকে শুরু করে লাল ভারতের প্রতীকী উল্লেখ রয়েছে; যেখানে একসঙ্গে খেলে “দাসের ছেলে আর মালিকের ছেলে”। ফুটবল মাঠ এখানে বৈশ্বিক মানবতার রূপক।  

মাহবুবুল খালিদ দীর্ঘদিন ধরেই তার গানে সমাজের বাস্তবতা তুলে ধরছেন। নির্যাতিত শিশু গৃহকর্মীকে নিয়ে ‘আদুরি’, সীমান্তে নিহত কিশোরীকে ঘিরে ‘ফেলানীরে করল গুলি’, কিংবা আলোচিত ‘মাগুরার ফুল’—প্রতিটি গানেই নির্ভয়ে সময়ের নির্মম সত্যকে তুলে ধরেছেন। শুধু দেশীয় প্রেক্ষাপট নয়, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট নিয়েও তার গান কথা বলেছে মানবতার পক্ষে।

সম্প্রতি তার লেখা ও সুরে প্রকাশিত দীর্ঘ সময়ের ‘ঘুম থেরাপি এনথেম’ গানটিও শ্রোতাদের মধ্যে ভিন্নধর্মী সাড়া ফেলেছে। সংগীতকে থেরাপি হিসেবে ব্যবহার, তার সৃজনশীল ভাবনাকেও আলাদা করে তুলে ধরে।  

সব মিলিয়ে ‘নান নান নান না’ শুধু একটি বিশ্বকাপের গান নয়; এটি এক ধরনের সামাজিক বার্তা। যেখানে ফুটবলের আবেগের সঙ্গে মিশে গেছে মানুষে মানুষে সমতার ডাক; একটি মানবিক পৃথিবীর স্বপ্ন, যেখানে “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়