ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আইআরজিসিকে ‘অপমান’ করা যাবে না, ফিফার কাছে কড়া শর্ত ইরানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ৬ মে ২০২৬   আপডেট: ১২:৪৫, ৬ মে ২০২৬
আইআরজিসিকে ‘অপমান’ করা যাবে না, ফিফার কাছে কড়া শর্ত ইরানের

ইরানের জাতীয় ফুটবল দল

আগামী জুনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে ইরানের সামরিক বাহিনীর মর্যাদা নিশ্চিত করার দাবি জানিয়েছে তেহরান। খবর আল-জাজিরার। 

ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদী তাজ বলেছেন, বিশ্বকাপ চলাকালীন মার্কিন মাটিতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বা অন্য কোনো রাষ্ট্রীয় প্রতীককে কোনোভাবেই ‘অপমান’ করা যাবে না- ফিফাকে এই মর্মে গ্যারান্টি দিতে হবে। 

আরো পড়ুন:

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে তাজ বলেছেন, “আমাদের সফরের জন্য একটি নিশ্চয়তা প্রয়োজন। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতীক, বিশেষ করে আইআরজিসি-কে অপমান করার কোনো অধিকার তাদের (যুক্তরাষ্ট্রের) নেই।”  

তিনি আরো যোগ করেন, “আমরা নিজেদের যোগ্যতায় বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছি। আমাদের আয়োজক ফিফা- ট্রাম্প বা আমেরিকা নয়। তারা যদি আমাদের আতিথেয়তা দেয়, তাহলে আমাদের সামরিক প্রতিষ্ঠানকে সম্মান জানানোর বাধ্যবাধকতাও তাদের মানতে হবে।”

তাজসহ ইরানের একটি ফুটবল প্রতিনিধি দল গত সপ্তাহে কানাডায় প্রবেশ না করে ফিরে আসার পর এই মন্তব্যগুলো এলো। প্রতিনিধি দলটির দাবি ছিল, অভিবাসন কর্তৃপক্ষ তাদের সঙ্গে সম্মানহানিকর আচরণ করেছে। অন্যদিকে কানাডীয় কর্তৃপক্ষ পরবর্তীতে জানায় যে, আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে মাঝ-আকাশে থাকাকালীনই তাজের ভিসা বাতিল করা হয়েছিল।

উল্লেখ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র উভয় দেশই আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে।

পরবর্তীতে ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম ইরান ফুটবল ফেডারেশনকে চিঠি লিখে দুঃখ প্রকাশ করেন এবং বিশ্বকাপ প্রস্তুতির বিষয়ে আলোচনার জন্য ইরানি প্রতিনিধি দলটিকে জুরিখে আমন্ত্রণ জানান।

ফিফার কাছে চাওয়া গ্যারান্টির বিষয়ে তাজ বলেন, “এটি এমন একটি বিষয় যা তাদের গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। যদি এমন কোনো গ্যারান্টি থাকে ও দায়িত্ব স্পষ্টভাবে গ্রহণ করা হয়, তাহলে কানাডায় যা ঘটেছে তেমন ঘটনার পুনরাবৃত্তি আর হবে না।”

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার তিন দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে যৌথভাবে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচের মধ্যে দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়