৪৬তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ
বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৪৬তম পরীক্ষায় বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৪৫১ প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (৫ মে ) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য পরীক্ষার সময়সূচিসহ বিস্তারিত জানানো হয়।
অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ থেকে ১৪ মে পর্যন্ত ঢাকার ৯টি হাসপাতালে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে।
স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রসমূহ:
১. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
২. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা
৩. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা
৪. জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা
৫. ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি, শেরেবাংলা নগর, ঢাকা
৬. জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা
৭. জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, শেরেবাংলা নগর, ঢাকা
৮. জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা
৯. মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষা শুরু হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫০ টাকা বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক পিএলসি বা যেকোনো তফসিলি ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে তার মূল কপি জমা দিতে হবে। এছাড়া, মেডিকেল বোর্ডের সদস্যদের ফি বাবদ অতিরিক্ত ৫০ টাকা সরাসরি বোর্ডে প্রদান করতে হবে।
নির্ধারিত পরীক্ষার তারিখের আগের কর্মদিবসে সকাল ১০টার মধ্যে নিজ প্রতিষ্ঠানে ডোপ টেস্ট সম্পন্ন করে একই দিনে রিপোর্ট সংগ্রহ করতে হবে।
মেডিকেল বোর্ডের তারিখের আগের পাঁচ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে সংশ্লিষ্ট রিপোর্ট সংগ্রহ করতে হবে, যা ন্যূনতম মেডিকেল অফিসার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। পিএসসি প্রদত্ত প্রিলিমিনারি পরীক্ষার ছবিসহ প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময় ও নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন না করলে প্রার্থিতা বাতিল হতে পারে।
ঢাকা/এমএসবি/মাসুদ
হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ঘোষণা ট্রাম্পের