ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দূরদেশে কেক কেটে ওমর সানীকে শুভেচ্ছা জানালেন মৌসুমী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ৬ মে ২০২৬  
দূরদেশে কেক কেটে ওমর সানীকে শুভেচ্ছা জানালেন মৌসুমী

যুক্তরাষ্ট্রে কেক কেটে ওমর সানীকে জন্মদিনের শুভেচ্ছা জানান মৌসুমী

নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ওমর সানী। রুপালি পর্দায় যার উপস্থিতি একসময় ছিল দর্শকের ভালোবাসার আরেক নাম। দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে তার নিরবচ্ছিন্ন পথচলা, অসংখ্য ব্যবসাসফল সিনেমা আর চরিত্রের বৈচিত্র্য তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। 

১৯৬৯ সালের ৬ মে, বরিশালে জন্মগ্রহণ করেন ওমর সানী। তবে এবারের জন্মদিনটা তার জন্য একটু অন্যরকম। দেশে একাই দিনটি কাটাচ্ছেন। প্রিয় মানুষগুলো—স্ত্রী মৌসুমী, ছেলে-মেয়ে রয়েছেন দূরদেশ যুক্তরাষ্ট্রে। 

আরো পড়ুন:

তবু দূরত্ব যেন ভালোবাসার বাধা হতে পারেনি। মার্কিন মুলুক থেকে কেক কেটে একটি ভিডিও বার্তার মাধ্যমে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমী। ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, ভক্তদের ভালোবাসায় ভরে উঠেছে মন্তব্যের ঘর। 

ভক্তদের পাশাপাশি নিজেও সেই ভিডিওর নিচে মন্তব্য করেছেন ওমর সানী। স্ত্রীর প্রতি ভালোবাসা জানিয়ে লিখেছেন, “অনেক ধন্যবাদ তোমাকে… তোমার মাঝেই, তোমাদের মাঝেই খুঁজে পাই আমাকে।” 

জন্মদিন নিয়ে বরাবরই খুব একটা আয়োজন করেন না ওমর সানী। এর পেছনে রয়েছে ব্যক্তিগত এক বেদনার স্মৃতি। মে মাসের ২৩ তারিখ তার মায়ের মৃত্যুবার্ষিকী। তাই এই মাসজুড়ে আনন্দের চেয়ে শোকই বেশি ছায়া ফেলে তার মনে। 

১৯৯৬ সালে ভালোবেসে বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে। দীর্ঘ দাম্পত্য জীবনে তারা হয়ে উঠেছেন শোবিজের অন্যতম আলোচিত ও সফল দম্পতি। তাদের সংসার আলো করে রয়েছে—এক পুত্র ও এক কন্যা। 

উল্লেখ্য, ১৯৯২ সালে ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ওমর সানীর। এরপর একের পর এক হিট সিনেমায় অভিনয় করে রোমান্টিক ও অ্যাকশন হিরো হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। ২০০৩ সালে ‘ওরা দালাল’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন তিনি, যেখানে তার বিপরীতে ছিলেন শাকিব খান।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়