ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্যানার টানানো ঘিরে ঢাবির হলে ছাত্রদল-হল সংসদের মধ্যে উত্তেজনা

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ৬ মে ২০২৬  
ব্যানার টানানো ঘিরে ঢাবির হলে ছাত্রদল-হল সংসদের মধ্যে উত্তেজনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে হল সংসদ ও শিবিরের ব্যানার টানানোকে কেন্দ্র করে হল শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ১০টার দিকে হলের মূল ফটকে টানানো একটি ব্যানার সরাতে যায় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় হল সংসদের সদস্যরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন:

সোমবার মুহসীন হল সংসদের পক্ষ থেকে একটি ব্যানার টানানো হয়। এতে হলের সাংস্কৃতিক সম্পাদক মো. জুলহাসের ওপর শাহবাগে হামলার ঘটনায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিন হোসেনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয় এবং তার ছবিও সংযুক্ত করা হয়। ব্যানারে হামলার দৃশ্যও তুলে ধরা হয়।

এরপর ছাত্রদল ব্যানারটি সরিয়ে ফেললে মঙ্গলবার আবারও তা টানানো হয়। কিন্তু সেটিও ছিঁড়ে ফেলা হয়। তৃতীয়বারের মতো ব্যানার টানালে তা সরাতে গেলে হল সংসদের নেতাকর্মীরা বাধা দেন। এ সময় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এ ঘটনায় মুহসীন হলের এক শিবিরকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত মো. সালমান খান অ্যাকাউন্টিং বিভাগের ২০২৩–২৪ সেশনের শিক্ষার্থী।

সালমান খানের দাবি, “শাহবাগ থানায় জুলহাস ভাইয়ের ওপর হামলাকারীদের চিহ্নিত করে হল গেটে ব্যানার টানানো হয়েছিল। আজ তৃতীয়বারের মতো সেটি ছিঁড়ে ফেলার পর আমরা ব্যানারটি নেওয়ার চেষ্টা করি। তখন ছাত্রদল নেতা শাহজালাল বারীসহ কয়েকজন আমাকে মারধর করে। এতে আমার হাতে আঘাত লাগে এবং রক্তপাত হয়।”

অভিযোগের বিষয়ে জানতে শাহজালাল বারীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি এবং হল প্রভোস্ট সিরাজুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঢাকা/সৌরভ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়