ঢাকা     রোববার   ০৩ মে ২০২৬ ||  বৈশাখ ২০ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ওমর সানী ভাই আমার কাছে চাঁদা দাবি করেছেন: হাসান জাহাঙ্গীর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ৩ মে ২০২৬   আপডেট: ২১:১২, ৩ মে ২০২৬
ওমর সানী ভাই আমার কাছে চাঁদা দাবি করেছেন: হাসান জাহাঙ্গীর

ওমর সানী, হাসান জাহাঙ্গীর

হাসান জাহাঙ্গীর নির্মিত-অভিনীত সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ‘প্রিয়দর্শিনী’খ্যাত অভিনেত্রী মৌসুমী। আগামী ১৫ মে, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।  

এরই মধ্যে অডিও বার্তায় মৌসুমী দাবি করেছেন—“হাসান জাহাঙ্গীরের পরিচালনায় ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ শিরোনামে কোনো সিনেমা নয়, একটি টেলিফিল্মে অভিনয় করেছি। আর নির্মাতা হাসান জাহাঙ্গীর আমার সঙ্গে প্রতারণা করেছেন। আমাকে পারিশ্রমিক থেকেও বঞ্চিত করেছেন।”  

আরো পড়ুন:

মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী ফেসবুকে লাইভ এসে বিষয়টি নিয়ে কথা বলেন। লাইভে তিনি জানান, প্রয়োজনে হাসান জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন তিনি। এরই মধ্যে হাসান জাহাঙ্গীর বিষয়টি নিয়ে নীরবতা ভেঙেছেন। পাল্টা দাবি করেছেন—ওমর সানী তার কাছে চাঁদা দাবি করেছেন।  

একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাসান জাহাঙ্গীর বলেন, “মৌসুমীকে চাপ দিয়ে আমার বিরুদ্ধে বক্তব্য নিয়েছেন ওমর সানী। তিনি এই প্রোডাকশনের সঙ্গে জড়িত নন। তিনি এই সিনেমার বিষয়ে কিছু করতে পারেন না। মৌসুমী ম্যাডাম সিনেমা করেছেন, সরকার, সমিতিসহ সবগুলো পক্ষ অনুমোদন ও অনুমতি দিয়েছে। সবাই হলে গেলে দেখবে এটা সিনেমা না ওয়েব সিরিজ।” 

ওমর সানী চাঁদা দাবি করেছেন—এ তথ্য উল্লেখ করে হাসান জাহাঙ্গীর বলেন, “তিনি প্রমাণ করুক এটা সিনেমা না। সব সমিতি আমাকে ফোন করেছিল, আমি তাদের বিস্তারিত জানিয়েছি। ওমর সানী ভাই সিনেমা রিলিজের আগে তৃতীয় পক্ষের মাধ্যমে আমার কাছে চাঁদা দাবি করেছেন। তিনি তার ব্যবস্থা নিক, আমারটা আমি নেব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সঙ্গে যোগাযোগ করবে।” 

ওমর সানীর চাঁদা দাবির বিষয়ে বিস্তারিত জানতে চাইলে হাসান জাহাঙ্গীর বলেন, “আমেরিকায় একজন আছে, মৌসুমী ম্যাডামকে তিনিই ডিলিং করেন। সে আমাকে বলেছে, সানী ভাই কিছু টাকা-পয়সা চাচ্ছেন, দিয়ে দেন। তিনি বলেছেন সানী ভাইকে ম্যানেজ করেন।” 

প্রয়োজনে ওমর সানীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবেন বলেও জানান হাসান জাহাঙ্গীর। তার ভাষায়—“সানী ভাইয়ের প্রতি আমার যে শ্রদ্ধা ছিল, তা তিনি নষ্ট করলেন। ৩ কোটি টাকা খরচ হয়েছে আমার। তার কারণে যদি কেউ সিনেমাটা না নেয়, আমি তার বিরুদ্ধে ৬ কোটি টাকার মানহানির মামলা করব। তিনি আমাকে হুমকিও দিচ্ছেন!” 

হাসান জাহাঙ্গীরের এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি ওমর সানী।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়