নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএসইসি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩১টি কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে তাদের পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের শর্ত পরিপালনে ব্যর্থ হয়েছে। এসব কোম্পানি জুনের মধ্যে পরিচালক নিয়োগ দিতে ব্যর্থ হলে ব্যবস্থা নেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রবিবার (৩ মে) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের শর্ত পরিপালনে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোর সচিবদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। কমিশনের করপোরেট গভর্নেন্স ডিপার্টমেন্ট আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। সভায় করপোরেট গভর্নেন্স কোড, ২০১৮ অনুযায়ী ব্যবসায়িক উদ্যোক্তা, ব্যবসায়িক সংগঠনের সদস্য, করপোরেট লিডার, সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি চাকরিজীবী (অবসরপ্রাপ্ত/চাকরিরত), প্রফেশনাল ডিগ্রিধারী, হাইকোর্ট ডিভিশনে নিয়োজিত আইনজীবী পেশায় নিয়োজিত আছেন এমন নারীদের তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।
এ ছাড়াও সভায় আগামী ৩০ জুনের মধ্যে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। এ শর্ত পরিপালনে ব্যর্থ হলে কমিশন কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে সভায় বিশেষভাবে অবহিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিশনের করপোরেট গভর্নেন্স কোড, ২০১৮-এর শর্ত নং ১(২) (এ) সংশোধনপূর্বক তালিকাভুক্ত কোম্পানিগুলোতে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক করে ২০২৪ সালের ২৯ এপ্রিল গেজেট প্রকাশিত হয়। ওই গেজেটে এক বছরের মধ্যে নিয়োগ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। পরে কমিশনের সিদ্ধান্ত মোতাবেক তালিকাভুক্ত কোম্পানিগুলোতে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের হালনাগাদ তথ্য কমিশনে দাখিল করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিষ্ঠানটির দাখিলকৃত তথ্য অনুযায়ী ১৬৩টি তালিকাভুক্ত কোম্পানি এরই মধ্যে পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে।
অন্যদিকে, ১৩১টি তালিকাভুক্ত কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের শর্ত পরিপালনে ব্যর্থ হয়েছে।
ঢাকা/নাজমুল//