ট্রাফিক আইন ভঙ্গ করলে অটো নোটিশ যাবে ঠিকানায়
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকা মহানগরে যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং উন্নত নাগরিক সেবা প্রদানের কাজ শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। তারই ধারাবাহিকতায় ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে অভিযুক্ত মালিক বা চালকদের ঠিকানায় অটো জেনারেটেড নোটিশ ডাকযোগে প্রেরণ করা হচ্ছে।
রবিবার (৩ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরের বিভিন্ন রুটে চলাচলরত রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং, প্রতিবন্ধকতা ইত্যাদি ট্রাফিক আইন অমান্যকারী মালিক বা চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে ডিএমপি ট্রাফিক বিভাগ ভিডিও এবং স্থিরচিত্র ধারণ করে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যার চালু করেছে। এর মাধ্যমে মালিক বা চালকদের ঠিকানায় অটো জেনারেটেড নোটিশ রেজিস্ট্রিকৃত ডাকযোগে প্রেরণ করা হচ্ছে।
নোটিশ প্রাপ্তির পর অভিযুক্ত ডিএমপি সদর দপ্তর এবং সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নির্ধারিত জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে মামলা নিষ্পত্তি করছেন। নোটিশপ্রাপ্তির পরেও কেউ ট্রাফিক বিভাগে হাজির না হলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।
পুলিশ এ প্রক্রিয়ার বাইরে মামলার জরিমানা পরিশোধ সংক্রান্ত কোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকার জন্য সকলকে পরামর্শ দিয়েছে। কোনো ব্যক্তি বা অসাধু চক্র ভিডিও বা সিসি ক্যামেরার মামলার নাম ব্যবহার করে অর্থ পরিশোধের বার্তা দিলে বা প্রতারণার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা অথবা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে জানানোর জন্যও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ঢাকা/এমআর//