পান্ডে-নারিনের মাইলফলকে হায়দরাবাদে রেকর্ডের রাত
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার কলকাতা ও হায়দরাবাদের ম্যাচ শুরু হওয়ার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার- মনীশ পান্ডে ও সুনিল নারিন। একাদশ ঘোষণার পরই পরিষ্কার হয়ে যায়, এই ম্যাচ শুধু পয়েন্টের লড়াই নয়, বরং ব্যক্তিগত মাইলফলকেরও মঞ্চ।
কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে দলে ২টি পরিবর্তন এনে পান্ডেকে একাদশে ফেরান, যেখানে তিনি জায়গা নেন রমনদীপ সিংয়ের পরিবর্তে। আরেকটি পরিবর্তনে ফিন অ্যালেন খেলছেন টিম সেইফার্টের জায়গায়। এই সুযোগেই ইতিহাসের পাতায় নিজের নাম আরও গাঢ় করেন পান্ডে।
আইপিএলের শুরু থেকে খেলে আসা এই মিডল-অর্ডার ব্যাটার এবারও মাঠে নামার মাধ্যমে গড়লেন বিরল কীর্তি- ১৯টি ভিন্ন মৌসুমে অন্তত একটি করে ম্যাচ খেলার নজির। এই তালিকায় তার সঙ্গে আছেন মাত্র আরও ২জন; বিরাট কোহলি ও রোহিত শর্মা। অভিজ্ঞতা ও ধারাবাহিকতার এই রেকর্ড আইপিএলের ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে।
অন্যদিকে বল হাতে আরেকটি বড় মাইলফলক স্পর্শ করেছেন নারিন। এই ম্যাচ দিয়ে তার মোট টি-টোয়েন্টি ম্যাচ সংখ্যা দাঁড়াল ৫৯১। যা তাকে নিয়ে গেছে সর্বাধিক ম্যাচ খেলা তালিকার দ্বিতীয় স্থানে। তিনি পেছনে ফেলেছেন আন্দ্রে রাসেলকে। যার ম্যাচ সংখ্যা ৫৯০। এই তালিকার শীর্ষে রয়েছেন কাইরন পোলার্ড। যার ম্যাচ সংখ্যা ৭৩৫।
ম্যাচের শুরুতে টস জিতে সানরাইজার্স হায়দরাবাদ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ইনিংসের শুরুটা আক্রমণাত্মক হলেও দ্রুত আঘাত হানে কলকাতার বোলিং লাইনআপ। কার্তিক ত্যাগীর বলে আউট হন অভিষেক শর্মা। ৫ ওভার শেষে স্কোরবোর্ডে উঠে ৫৯ রান, ১ উইকেট হারিয়ে। শেষ বরুণ চক্রবর্তী, নারিন ও তেয়াগির বোলিং তোপে ১৯ ওভারে ১৬৫ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ। অঙ্গকৃষ রঘুবংশীর ফিফটি ও রাহানের ব্যাটে ভর করে ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা।
নবম ম্যাচে এটা তাদের তৃতীয় জয়। মাত্র ৭ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের অষ্টম স্থানে। অন্যদিকে দশম ম্যাচে এটা হায়দরাবাদের চতুর্থ হার। ১২ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের তৃতীয় স্থানে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল