ঢাকা     বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৭ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টি-টোয়েন্টিতে প্রথমবার ৯ উইকেটের অবিশ্বাস্য কীর্তি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ৯ এপ্রিল ২০২৬   আপডেট: ২১:২৭, ৯ এপ্রিল ২০২৬
টি-টোয়েন্টিতে প্রথমবার ৯ উইকেটের অবিশ্বাস্য কীর্তি

ক্রিকেট ইতিহাসে এক নজিরবিহীন কীর্তির সাক্ষী থাকল বিশ্ব। ব্রাজিলের অলরাউন্ডার লরা কারদোসো গড়ে ফেললেন নতুন ইতিহাস। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো এক ইনিংসে ৯ উইকেট নেওয়ার অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন তিনি।

বোতসোয়ানায় অনুষ্ঠিত কালাহারি নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে এই অনন্য কীর্তি গড়েন কারদোসো। এর আগে এই ফরম্যাটে সেরা বোলিং ছিল ৮ উইকেটের। যা গত বছর মিয়ানমারের বিপক্ষে করেছিলেন ভুটানের সোনাম ইয়েশে। নারীদের মধ্যে সর্বোচ্চ ছিল ৭ উইকেট, যা ইন্দোনেশিয়ার রোহমালিয়া করেছিলেন ২০২৪ সালে।

আরো পড়ুন:

কারদোসোর বিধ্বংসী বোলিংয়ে লেসোথোকে ১৮৯ রানে হারায় ব্রাজিল। টি-টোয়েন্টিতে যা তাদের তৃতীয় বৃহত্তম জয়।

প্রথমে ব্যাট করে ব্রাজিল তোলে ২০২/৮ রান। তবে ব্যাট হাতে বড় কিছু করতে পারেননি কারদোসো। মাত্র ৪ রান করে আউট হন তিনি। কিন্তু বল হাতে নেমে যেন অন্য এক রূপে আবির্ভূত হন এই অলরাউন্ডার।

লেসোথোর ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে এসে হ্যাটট্রিক করেন কারদোসো। এরপর চতুর্থ ওভারে মাত্র ৫ বলের ব্যবধানে তুলে নেন আরও ৪ উইকেট। ষষ্ঠ ওভারে আরও ২টি উইকেট নিয়ে শেষ করেন অবিশ্বাস্য বোলিং ফিগার- ৩ ওভারে ২ মেডেন, ৪ রান দিয়ে ৯ উইকেট!

এক পর্যায়ে মনে হচ্ছিল, টি-টোয়েন্টির ইতিহাসে প্রথমবার এক ইনিংসের সব ১০ উইকেটই তুলে নেবেন তিনি। কিন্তু শেষ উইকেটটি অন্য বোলারের ঝুলিতে যাওয়ায় সেই কীর্তি থেকে অল্পের জন্য বঞ্চিত হন।

লেসোথো অলআউট হয় মাত্র ১৩ রানে- যা নারী টি-টোয়েন্টি ইতিহাসে সপ্তম সর্বনিম্ন স্কোর।

এই জয়ের ফলে টুর্নামেন্টে টানা ৫ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল, আর এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল তারাই।

সব মিলিয়ে, লরা কারদোসোর এই পারফরম্যান্স শুধু একটি ম্যাচ জেতায়নি- ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় লিখে দিয়েছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়