শিল্পীদের বৈঠক থেকে কাঁদতে কাঁদতে কেন বেরিয়ে যান শ্রীলেখা?
শ্রীলেখা মিত্র
কয়েক দিন আগে তালসারিতে শুটিংয়ের সময়ে সমুদ্রের জলে ডুবে মারা গেছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তারপর সামনে এসেছে কলাকুশলীদের নিরাপত্তার প্রসঙ্গ। গতকাল এ নিয়ে টেকনিশিয়ান স্টুডিওতে একত্রিত হয়েছিলেন টলিউডের অভিনয়শিল্পী, টেকনিশিয়ানরা। আর এই বৈঠক থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যান আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
শ্রীলেখা মিত্র কেন বৈঠক থেকে এভাবে বেরিয়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি জানতে হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে ফোন করা হলে অভিনেত্রীকে পাওয়া যায়নি। পরবর্তীতে তিনি বলেন, “আমি এখন কথা বলতে পারছি না দুঃখিত।” ফলে বিষয়টি নিয়ে রহস্য আরো দানাবাঁধে।
বিষয়টি নিয়ে শ্রীলেখার কাছ থেকে কিছু জানা না গেলেও হিন্দুস্তান টাইমস খোঁজ নেওয়ার চেষ্টা করে। এ প্রতিবেদনে বলা হয়েছে, টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ না পাওয়ার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার অভিযোগ করেছেন শ্রীলেখা মিত্র। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চ্যাটার্জির বিরুদ্ধেও অনেক অভিযোগ করেছেন। তাদের জন্য একাধিক কাজের সুযোগ হারিয়েছেন বলেও দাবি তার। এসব কথা গতকালের মিটিংয়েও তুলে ধরেন শ্রীলেখা। সরাসরি নাম উল্লেখ করে অভিযোগ করেন। শ্রীলেখার ব্যবহারে অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জিও মেজাজ হারান। অন্য শিল্পীরাও তার ব্যবহারের বিরক্ত হন।
পরিস্থিতি খুব সরগরম হলে রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার টেবিলের ওপর উঠে সবাইকে থামানোর চেষ্টা করেন। শুধু তাই নয়, শেষে নায়িকা সকলের কাছে ক্ষমা চেয়ে বলেন, “এখানে অন্য একটা কারণে সবাই একত্রিত হয়েছি। আমার ছোট বাচ্চা, তাকে জানাব, তার বাবার ঠিক কী হয়েছিল।” এ ঘটনার পরই শ্রীলেখা কাঁদতে কাঁদতে মিটিং থেকে বেরিয়ে যান।
ঢাকা/শান্ত