শেষ মুহূর্তের গোলে আর্সেনালের নাটকীয় জয়
শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে নাটকীয় মোড়। কাই হাভার্টজের গোলে মঙ্গলবার দিবাগত রাতে লিসবনে স্পোর্টিংকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বড় সুবিধা তুলে নিল আর্সেনাল।
ম্যাচটি যখন গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে আসে নির্ধারণী মুহূর্ত। গ্যাব্রিয়েল মার্টিনেল্লির দারুণ পাস পেয়ে নিখুঁত ফিনিশে বল জালে জড়ান বদলি হিসেবে নামা হাভার্টজ। যা আর্সেনালকে এগিয়ে দেয় ফিরতি লেগের আগে।
তবে এই জয়ের ভিত্তি গড়ে দেন গোলরক্ষক দাভিদ রায়া। ম্যাচের শুরুতেই ম্যাক্সি আরাউহোর শক্তিশালী শট দুর্দান্ত ডাইভে বার ঘেঁষে বাইরে পাঠিয়ে দলকে বিপদ থেকে রক্ষা করেন তিনি। শেষ দিকেও একাধিক অসাধারণ সেভ করে ম্যাচে আর্সেনালকে টিকিয়ে রাখেন।
প্রথমার্ধে দুই দলই কিছু সুযোগ পেলেও গোলের দেখা পায়নি। আর্সেনালের আক্রমণে ধার কম ছিল। আর স্পোর্টিংয়ের গোলরক্ষকও ছিলেন আত্মবিশ্বাসী। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি বাড়ে। মাঝমাঠে লড়াইয়ের সঙ্গে সঙ্গে দু’দলই আক্রমণ বাড়ায়। এক পর্যায়ে আর্সেনাল গোল পেলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।
অন্যদিকে, স্পোর্টিংও বেশ কয়েকবার আক্রমণে উঠে এলেও রায়ার দৃঢ়তায় গোল করতে ব্যর্থ হয়।
শেষদিকে এসে আবারও ম্যাচে নাটকীয়তা বাড়ে। একাধিক সেভের পর মনে হচ্ছিল ম্যাচটি ড্রয়েই শেষ হবে। কিন্তু ঠিক তখনই মার্টিনেল্লির পাস থেকে হাভার্টজ গোল করে আর্সেনালকে এনে দেন গুরুত্বপূর্ণ জয়।
এই জয়ের ফলে ফিরতি লেগের আগে মানসিকভাবে এগিয়ে থাকল মিকেল আর্তেতার দল। একই সঙ্গে টানা দুই পরাজয়ের পর এই জয় দলকে নতুন আত্মবিশ্বাসও দেবে।
ঢাকা/আমিনুল
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত