ইরানে ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন হয়েছে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানের সঙ্গে দুই সপ্তাহের এক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর একে যুক্তরাষ্ট্রের জন্য ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। খবর রয়টার্সের।
যুদ্ধবিরতির মাধ্যমে তিনি বিজয় দাবি করছেন কি না- সংক্ষিপ্ত এক ফোনালাপে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ বিজয়। ১০০ শতাংশ। এ নিয়ে কোনো প্রশ্ন নেই।”
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে ১০ দফার একটি প্রস্তাব পেয়েছে, যেটিকে তিনি আলোচনার জন্য একটি ‘কার্যকর ভিত্তি’ হিসেবে উল্লেখ করেছেন।
তবে চুক্তিটি ভেস্তে গেলে ইরানের বেসামরিক বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলো ধ্বংস করে দেওয়ার যে হুমকি তিনি আগে দিয়েছিলেন, সে বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আপনাদের অপেক্ষা করে দেখতে হবে।”
ট্রাম্প জোর দিয়ে বলেন যে, যেকোনো শান্তি চুক্তির আওতায় ইরানের পারমাণবিক উপকরণের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। ইউরেনিয়ামের ভাগ্যে কী ঘটবে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য না দিয়ে তিনি এএফপি-কে বলেন, “সেটি নিখুঁতভাবে দেখাশোনা করা হবে, অন্যথায় আমি এই চুক্তিতে আসতাম না।”
যুদ্ধের লক্ষ্য এবং সময়সীমা নিয়ে বারবার অবস্থান পরিবর্তন করা ট্রাম্প আবারও পুনর্ব্যক্ত করেন যে, তিনি মনে করেন ওয়াশিংটনের মূল উদ্দেশ্যগুলো অর্জিত হয়েছে।
ঢাকা/ফিরোজ
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত