ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ২২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১১:৫৫, ৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ২২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

অবৈধভাবে মজুত করা ভোজ্যতেল উদ্ধারে মঙ্গলবার রাতে অভিযান চালয় র‌্যাব ও প্রশাসনের কর্মকর্তারা।

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় মজুত করা প্রায় ২২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ হয়। মজুতকারীদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে র‍্যাব-৭ ও বিএসটিআইয়ের প্রতিনিধিরা অংশ নেন।

আরো পড়ুন:

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন গুলবাগ আবাসিক এলাকার একটি গুদামে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৪২ লিটার সয়াবিন তেল পাওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। 

র‌্যাবের টিম গভীর রাতে পাঁচলাইশ থানাধীন ষোলশহর ২ নম্বর গেট এলাকায় অভিযান চালায়। সেখানে আরো দুটি প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুত করা ২১ হাজার ৬০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুতকৃত সয়াবিন তেল জব্দ করা হয়েছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়