বলিউডের বাদশা-নোরার সঙ্গে গাইলেন বাংলাদেশের তাশফী
বাদশা, নোরা ফাতেহি, সঞ্জয় ও তাশফী (বাঁ থেকে)
বলিউডের আলোচিত অভিনেত্রী-গায়িকা নোরা ফাতেহি। জনপ্রিয় র্যাপার বাদশার সঙ্গে ‘সাজন রে’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন নোরা। এই গানে সহযোগী শিল্পী হিসেবে গেয়েছেন বাংলাদেশের তাশফী। আর এর মধ্য দিয়ে বলিউডের সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করলেন বাংলাদেশের এই তরুণী।
‘সাজনা রে’ গানের র্যাপ অংশসহ পুরো গানের কথা লিখেছেন বাদশাহ। গানটির সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশি তরুণ সংগীত পরিচালক সঞ্জয়। এর আগেও বলিউডের শিল্পীদের সঙ্গে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন তিনি। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে পারফর্ম করেছেন বাদশা-নোরা। গত ৩ এপ্রিল ভারতের শীর্ষ সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।
মুক্তির অল্প সময়ের মধ্যেই গানটি অন্তর্জালে সাড়া ফেলে। এ পর্যন্ত গানটির মোট ভিউ দাঁড়িয়েছে ৮৭ লাখের বেশি। নতুন শিল্পী হিসেবে তাশফীর জন্য এটি বড় পাওয়া বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গানটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে তাশফী বলেন, “সঞ্জয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা আমার অনেক দিনের। সে প্রায়ই বাংলাদেশে আসে-যায়। একদিন ফোন করে বলল, ‘স্টুডিওতে আসতে পারবা? একটা গান আছে।’ আমি গিয়ে গানটি শুনি এবং রেকর্ড করি। কিন্তু তখনো বুঝিনি, এই গানে পরবর্তীতে বাদশাহ ও নোরা ফাতেহির মতো তারকারা যুক্ত হবেন। শুধু এটুকুই বলেছিলেন, গানটা দারুণ কিছু হবে।”
গানটির সাফল্যে উচ্ছ্বসিত তাশফী বলেন, “বলিউডের মতো বড় একটি ইন্ডাস্ট্রিতে, তা–ও আবার টি-সিরিজের ব্যানারে আমার প্রথম কাজ—এটা সত্যিই স্বপ্নপূরণের মতো। সঞ্জয়, বাদশাহ ও নোরা ফাতেহির মতো তারকাদের সঙ্গে একই গানে কণ্ঠ দেওয়া নিঃসন্দেহে ক্যারিয়ারের একটি আনন্দের ব্যাপার।”
কৃতজ্ঞতা প্রকাশ করে তাশফী বলেন, “আমি কৃতজ্ঞ। তবে এই মুহূর্তটাকে নিজের বলেও মনে করি। কারণ এই জায়গায় পৌঁছাতে অনেক সময়, পরিশ্রম আর ধৈর্য লেগেছে।”
ঢাকা/শান্ত
হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট আজ