ঢাকা     মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৪ ১৪৩২ || ১৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

রাশিদা খাতুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ৭ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:৩৪, ৭ এপ্রিল ২০২৬
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ২০০০ সালে নিজ এলাকা নওগাঁয় ফিরে এসে তিনি সম্পূর্ণ বিনামূল্যে সকল শ্রেণি-পেশার মানুষের সন্তানদের জন্য কোচিং কার্যক্রম শুরু করেন। উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের পরামর্শ প্রদানসহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিনামূল্যে ক্যাম্পাসে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করেন তিনি।

শুধু শিক্ষা নয়, তরুণ ও বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর-এর অধীনে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। তার উদ্যোগে এক হাজারেরও বেশি তরুণ-তরুণী আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পেয়েছেন।

আরো পড়ুন:

পাঠদান করছেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

অধ্যক্ষ রিজভী ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী শতাধিক কর্মসূচি বাস্তবায়ন করেছেন। পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থার সহায়তায় চারবার মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির আয়োজন করে বিনামূল্যে ওষুধ, চশমা এবং ছানি অপারেশনের ব্যবস্থা করেন। রহমান স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট-এর মাধ্যমে তিনি বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে সরকারি সনদের ব্যবস্থা করেন। এছাড়া ফ্রিল্যান্সিং খাতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন ও অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে বিনামূল্যে কোর্স পরিচালনা করছেন।

তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার আহ্বানে সাড়া দিয়ে তিনি উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করেন এবং আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজিত ফ্রিল্যান্সিং কোর্সে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। মানবিক সহায়তা কার্যক্রমেও তিনি সমানভাবে সক্রিয়। প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র-এর মাধ্যমে ঈদ সামগ্রী বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং করোনা মহামারির সময় খাদ্য ও আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।

অধ্যক্ষ রিজভী বলেন, “তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি না করতে পারলে তারা মাদকসহ নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তাই তাদের কল্যাণে কাজ করাকে আমি ইবাদত মনে করি।”

তিনি আরও বলেন, ‘‘বর্তমানে অনেক তরুণ মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে। তাদের এই আসক্তি থেকে বের করে এনে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয়ের পথ তৈরি করাই তার অন্যতম লক্ষ্য।’’

প্রথম দিকে তার এসব উদ্যোগ নানা বাধার সম্মুখীন হলেও সময়ের সাথে সাথে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এসেছে। এখন তার কাজের প্রশংসা করছেন স্থানীয়রাও—েএমনটাই জানান অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।

অধ্যক্ষ রিজভীর নেতৃত্বে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ-এ শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে ব্যবহারিক প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং সুযোগ সৃষ্টি, স্বাস্থ্য সচেতনতা, ক্যারিয়ার পরিকল্পনা সেমিনার, রোভার স্কাউটিং, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম। কলেজটিতে আধুনিক অবকাঠামো গড়ে তোলা হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে শ্রেণিকক্ষ মনিটরিং, সোলার বিদ্যুৎ ব্যবস্থা এবং ২০১৩ সাল থেকে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটেনডেন্স চালু রয়েছে। এছাড়া অনলাইন ক্লাসের ব্যবস্থাও দীর্ঘদিন ধরে চালু রয়েছে।

উল্লেখযোগ্য সাফল্য হিসেবে ২০১৬ সালে প্রধানমন্ত্রীর এটুআই কার্যালয় থেকে নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায় প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ২০২২ ও ২০২৬ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে কারিগরি পর্যায়ে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়।

ব্যক্তিগত অর্জন হিসেবেও অধ্যক্ষ রিজভী ২০২২ সালে নওগাঁ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি), ২০২৪ সালে রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ এবং ২০২৬ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) হিসেবে দ্বিতীয় স্থান অর্জন করেন।

সব বাধা-বিপত্তি পেরিয়ে সমাজ উন্নয়ন ও তারুণ্যের ‍উন্নয়নে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এই শিক্ষানুরাগী মানুষটি।

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়