পর্ন সাইটে আমার আপত্তিকর ছবি দেখেছিলাম: জাহ্নবী
জাহ্নবী কাপুর
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর কিশোর বয়সে ভীতিকর এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। মাত্র ১৫ বছর বয়সে পর্নো সাইটে নিজের আপত্তিকর ছবি দেখতে পান। শুরুতে বিষয়টিকে অনলাইনের অংশ হিসেবেই মেনে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু এই ঘটনা তার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে।
কয়েক দিন আগে রাজ শামানির পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভয়ংকর সেই অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। জাহ্নবী কাপুর বলেন, “আমি ঠিক জানি না, এটা ডিপফেক হতে পারে, তবে তেমন কিছুই ছিল। আমি একটি পর্নো সাইটে আমার একটি ছবি দেখেছিলাম।”
ঘটনাটি জাহ্নবীর স্কুলে আইটি ক্লাসে ঘটেছিল। তার ভাষায়, “আমাদের স্কুলে আইটি ক্লাস ছিল। ছেলেরা মজা করার জন্য এসব সাইটে যেত। সেখানে আমার ছবিও ছিল। আর এটা স্কুলেই ঘটেছিল। তাই এটা খুব ভয়ংকর অভিজ্ঞতা ছিল।”
তারপরও বিষয়টিকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করেছিলেন জাহ্নবী। তা জানিয়ে তিনি বলেন, “একটা সময় আমি ভেবেছিলাম, এর মূল্য আমাকে দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় এসব ক্ষেত্রে কোনো নৈতিকতা থাকে না।”
এখন জাহ্নবীর দৃষ্টিভঙ্গি বদলেছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এই ধরনের ছবি এখনো তাকে প্রভাবিত করে। জাহ্নবী কাপুর বলেন, “এটা নিয়ে আমি শান্তিতে নেই। আমার এমন কিছু ভিজ্যুয়াল (ছবি) বাইরে ঘুরছে! এমনকি, অফিসিয়াল নিউজ পেজেও শেয়ার করা হচ্ছে, যেগুলো পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো। আমি কখনো ওই ধরনের পোশাক পরিনি বা ওইভাবে ছবিও তুলিনি।”
এসব ছবি জাহ্নবীর ওপরে কীভাবে প্রভাব ফেলছে তা ব্যাখ্যা করে তিনি বলেন, “এসব এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়, যেন এগুলো আমি প্রকাশ করেছি। এতে নির্দিষ্ট একটা ধারণা তৈরি হয়। আগামীকাল যদি কোনো পরিচালককে বলি, আমি কিছু পোশাক পরতে স্বচ্ছন্দবোধ করি না, তখন কেউ ওই ছবিগুলো দেখিয়ে বলতে পারে, ‘তুমি তো আগে এটা করেছ।’ তারা না বললেও, এটা আপনার মনে প্রশ্ন জাগাবে।”
বিষয়টি জাহ্নবী কাপুরকে কষ্ট দেয়। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি সামলানোর উপায়ও খুঁজে পেয়েছেন। তিনি বলেন, “মনে হয় না, অভিযোগ করার মতো খুব শক্তিশালী কণ্ঠ আমার আছে। একটা মানসিকতা আছে, ‘তোমার জীবনে এত কিছু আছে, একটু সহ্য করো, অভিযোগ করো না।’ তাই আমি মনে করি না, আমার কণ্ঠের তেমন কোনো বিশ্বাসযোগ্যতা আছে। এর বিরুদ্ধে কথা বললে প্রতিক্রিয়া আসবে, আর সেটা হয়তো মূল সমস্যাটাকেই আড়াল করে দেবে।”
‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জাহ্নবী। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’, ‘পরম সুন্দরী’ সিনেমায় অভিনয় করেন তিনি। দক্ষিণী সিনেমায়ও অভিষেক হয়েছে তার। ‘দেবারা’ শিরোনামের এ সিনেমায় নায়ক হিসেবে পেয়েছেন জুনিয়র এনটিআরকে।
জাহ্নবী কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। জাহ্নবীর পরবর্তী সিনেমা ‘পেদ্দি’। সিনেমাটিতে রাম চরণের বিপরীতে অভিনয় করছেন এই অভিনেত্রী। তেলেগু ভাষার এ সিনেমা পরিচালনা করছেন বুচি বাবু সানা। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।
*এনডিটিভি অবলম্বনে
ঢাকা/শান্ত
নিখোঁজ পাইলটকে উদ্ধারে আসা মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের