ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘ভাইরাল’ পথশিশুকে ঘিরেই সিলেট পুলিশ কমিশনারের ‘বিশেষ’ সংবাদ সম্মেলন

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ৪ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:০০, ৪ এপ্রিল ২০২৬
‘ভাইরাল’ পথশিশুকে ঘিরেই সিলেট পুলিশ কমিশনারের ‘বিশেষ’ সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে ‘ভাইরাল’ পথশিশু ফায়জা আক্তার মাইশা

জ্বালানি সংকট, দোকানপাট খোলা রাখা নিয়ে নির্দেশনা অমান্য এবং সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টায় ‘বিশেষ’ সংবাদ সম্মেলন ডাকেন সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী।

তবে প্রত্যাশিতভাবে চলমান সংকট বা নিরাপত্তা পরিস্থিতি নয়, বরং ভাইরাল হওয়া এক পথশিশুকে ঘিরেই ছিল ওই সংবাদ সম্মেলনের মূল বিষয়বস্তু।

আরো পড়ুন:

নগরীর চৌহাট্টা পয়েন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, ফায়জা আক্তার মাইশা (৮) নামের এক পথশিশু, যে রাস্তায় ফুল বিক্রি করত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চার বছর আগে তার মা মারা গেছেন এবং বাবা অন্যত্র বিয়ে করায় বর্তমানে সে নানীর সঙ্গে বসবাস করছে। জীবিকার তাগিদে তাকে রাস্তায় ফুল বিক্রি করতে হয়।

তিনি বলেন, বিষয়টি ভাইরাল হওয়ার পর সিলেটের বিশিষ্ট ব্যক্তি ও ফাহিম আল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী শিশুটিকে খুঁজে বের করার অনুরোধ জানান এবং তার লেখাপড়া, আবাসনসহ সার্বিক দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে পুলিশ তাকে চৌহাট্টা এলাকা থেকে খুঁজে বের করে। এই মানবিক উদ্যোগটি জানাতেই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে বলে জানান কমিশনার।

তবে সংবাদ সম্মেলনের বিষয়বস্তু নিয়ে প্রশ্ন ওঠে উপস্থিত সাংবাদিকদের মধ্যে। তারা নগরীর চলমান জ্বালানি সংকটের মধ্যেও দোকানপাট খোলা রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে কমিশনার বলেন, দোকান খোলা রাখার বিষয়টি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং দোকান মালিক সমিতির নিজস্ব সিদ্ধান্ত। এ বিষয়ে কোনো সরকারি নির্দেশনা রয়েছে কিনা তা তিনি অবগত নন এবং খোঁজ নিয়ে পরে জানাবেন বলে উল্লেখ করেন।

সাম্প্রতিক সময়ে নগরীতে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় পুলিশের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আসামি গ্রেপ্তারের কাজ চলমান রয়েছে এবং কয়েকটি গ্যাংকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। অপরাধীরা প্রযুক্তির সহায়তায় দ্রুত অবস্থান পরিবর্তন করলেও তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শুক্রবার নগরীর তালতলা এলাকায় ঘটে যাওয়া নতুন একটি ছিনতাইয়ের ঘটনা প্রসঙ্গে কমিশনার বলেন, পুলিশ সজাগ ও সতর্ক রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফুল বিক্রি করা এক পথশিশুর ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মানবিক দৃষ্টিকোণ থেকে ভিডিওটি ভাইরাল হলে শিশুটির পরিচয় জানা যায়, সে ফায়জা আক্তার মাইশা।

ঢাকা/রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়