বিএসইসি চেয়ারম্যান
পাবলিক ইন্টারেস্ট কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির অগ্রাধিকার
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দেশের বৃহৎ পাবলিক ইন্টারেস্ট কোম্পানিগুলোকে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্ত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে। এ ক্ষেত্রে সরকার ও বাজার সংশ্লিষ্টদের সহায়ক ভূমিকা প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
রবিবার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি'র মাল্টিপারপাস হলে পুঁজিবাজার অংশীজনদের ষষ্ঠ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিএসইসির কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ, মো. সাইফুদ্দিনসহ পুঁজিবাজার অংশীজন প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘‘মার্জিন বিধিমালা, ২০২৫; মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫ ও পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫- এই তিনটি রুলসের মাধ্যমে পুঁজিবাজারের আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন হয়েছে। শিগগিরই কর্পোরেট গভর্ন্যান্স সংক্রান্ত বিধিমালাও করা হবে।’’
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সভায় উন্মুক্ত আলোচনা হয়। সভায় পুঁজিবাজার উন্নয়নের উদ্যোগ ও কার্যক্রমসমূহ, দেশের পুঁজিবাজারকে ফ্রন্টিয়ার মার্কেট হতে ইমার্জিং মার্কেটে রূপান্তরে উদ্যোগ গ্রহণ, পুঁজিবাজারে ই-কেওয়াইসি বাস্তবায়নে পরিকল্পনা মাফিক উদ্যোগ গ্রহণ, কমোডিটি এক্সচেঞ্জ চালুকরণ, পুঁজিবাজারের প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধি, পাবলিক ইন্টারেস্ট কোম্পানির জন্য সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করে পুঁজিবাজারে তালিকাভুক্তকরণ, পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়।
এ ছাড়াও সিসিবিএলের রেজিস্ট্রেশন সম্পন্নকরণ ও সিসিবিএল-এর সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ শিক্ষার প্রসার ও বিকাশ, পুঁজিবাজারে নতুন পণ্য আনয়ন ও পণ্য বৈচিত্রায়ণ, পুঁজিবাজারে সব ধরণের কারসাজি ও অনিয়ম প্রতিরোধ, ইনভেস্টর প্রটেকশন ফান্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ, অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যারের বাস্তবায়ন নিশ্চিতকরণ, প্রাইস সেনসেটিভ ইনফরমেশনের (পিএসআই) যথার্থতা নিশ্চিতকরণ, নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের সমাধান, বিনিয়োগ শিক্ষার প্রসার এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও সুরক্ষা নিশ্চিতকরণসহ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সমন্বয় সভায় শেয়ারবাজার সংশ্লিষ্টদের মধ্যে সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেদের (সিসিবিএল) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান মজুমদার, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মোতালেব, সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আ স ম খায়রুজ্জামান, বিএসইসির নির্বাহী পরিচালকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এনটি//
ট্রাম্পকে অপসারণে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি