শিশুকে ধর্ষণের চেষ্টা, বাড়ির ছাদে লুকিয়েও শেষরক্ষা হয়নি
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাইবান্ধায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে ছাত্তার পাটোয়ারী (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব মিয়াজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, তিন-চারজন শিশু বাড়ির পাশে খেলছিল। এ সময় ছাত্তার পাটোয়ারী ছয় বছর বয়সী এক শিশুকে ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে ডেকে নেয়। পরে পাশের একটি ভুট্টোক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি অন্য শিশুরা দেখে ফেললে তারা তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী শিশুর পরিবারকে জানায়।
বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা তাকে আটক করার চেষ্টা করে। অভিযুক্ত ব্যক্তি দ্রুত পালিয়ে গিয়ে তার ভাইয়ের বাড়ির ঘরের ছাদে আত্মগোপন করেন। খবর পেয়ে বামনডাঙ্গা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যান।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেছেন, “অভিযুক্ত ছাত্তার পাটোয়ারীকে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকেও থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
ঢাকা/মাসুম/রফিক
তনু হত্যার তদন্তে মোড়, সন্দেহভাজন ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ