ঢাকা     সোমবার   ০৬ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৪ ১৪৩২ || ১৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গুচ্ছ ‘বি’ ইউনিটে সর্বোচ্চ ৮১.৫ নম্বর পেয়ে শীর্ষে মিজানুর

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ৬ এপ্রিল ২০২৬  
গুচ্ছ ‘বি’ ইউনিটে সর্বোচ্চ ৮১.৫ নম্বর পেয়ে শীর্ষে মিজানুর

মিজানুর রহমান

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর পরীক্ষায় পাসের হার ৬০ দশমিক ৫ শতাংশ। প্রকাশিত ফল অনুযায়ী, সর্বোচ্চ ৮১ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। অন্যদিকে, এ পরীক্ষায় সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস ১৬ দশমিক ২৫।

সোমবার (৬ এপ্রিল) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন:

ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ‘বি’ ইউনিটে মোট আবেদন করেছিলেন ৯৩ হাজার ১০২ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭৬ হাজার ৭৫৫ জন, যা মোট আবেদনকারীর ৮২ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ৩৪৭ জন, অর্থাৎ ১৮ শতাংশ।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ন্যূনতম ৩০ নম্বর পেয়ে পাস করেছেন ৪৬ হাজার ৬৩০ জন। বিপরীতে, ৩০-এর কম নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছেন ৩০ হাজার ৮৯ জন, যা মোট পরীক্ষার্থীর ৩৯ শতাংশ। এছাড়া, রোল নম্বর ও পরিচয়গত ভুলের কারণে ৩৬ জন পরীক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে রোল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে নিজেদের ফলাফল দেখতে পারবেন। আগামী ১০ এপ্রিল গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকা/তানিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়