ঈদের সাজ সকাল থেকে রাত পর্যন্ত সতেজ রাখার উপায়
লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
গরম, ঘাম আর দীর্ঘ সময় বাইরে থাকার কারণে অনেক সময় মেকআপ দ্রুত নষ্ট হয়ে যায়। তাই ঈদের সাজকে সকাল থেকে রাত পর্যন্ত সতেজ ও সুন্দর রাখতে প্রয়োজন কিছু সহজ কিন্তু কার্যকর কৌশল। সঠিক স্কিনকেয়ার, উপযুক্ত মেকআপ পণ্য এবং কয়েকটি বিউটি ট্রিকস অনুসরণ করলে ঈদের দিনও মেকআপ দীর্ঘক্ষণ টিকিয়ে রাখা সম্ভব।
দীর্ঘস্থায়ী মেকআপের সবচেয়ে বড় শত্রু হলো আর্দ্রতা। প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়ায় সারাদিন মেকআপ ঠিকঠাক রাখা সত্যিই বড় চ্যালেঞ্জ। তবে কিছু সহজ টিপস ও কৌশল মেনে চললে তপ্ত দিনেও মেকআপ থাকবে সতেজ ও দীর্ঘস্থায়ী।
ত্বকের প্রস্তুতি জরুরি
মেকআপ শুরুর আগে ত্বকের সঠিক যত্ন নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। একে ছবি আঁকার ক্যানভাসের সঙ্গে তুলনা করা যায়। ক্যানভাস পরিষ্কার ও মসৃণ না হলে যেমন সুন্দর শিল্পকর্ম তৈরি করা কঠিন, তেমনি ত্বক প্রস্তুত না থাকলে মেকআপও ভালো বসে না।
তাই মেকআপের আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। তবে খেয়াল রাখতে হবে, পরিষ্কার করার সময় যেন ত্বকে অতিরিক্ত জ্বালাপোড়া না হয়। ত্বক হাইড্রেটেড থাকলে অতিরিক্ত তেল উৎপন্ন হওয়ার প্রবণতা কমে, ফলে মেকআপও দীর্ঘক্ষণ টিকে থাকে।
মেকআপ শুরুর আগে মুখে বরফের টুকরো বা ঠান্ডা শসা ঘষে নিতে পারেন। এতে ত্বক সতেজ থাকে এবং ঘামও তুলনামূলক কম হয়।
ভারী মেকআপ এড়িয়ে চলুন
গরম ও আর্দ্র আবহাওয়ায় ভারী মেকআপ ত্বকে অস্বস্তি তৈরি করে। বিশেষ করে টি-জোন—অর্থাৎ কপাল ও নাকের অংশে বেশি স্তর তৈরি হলে ঘামও বেশি হয়।
তাই তেল-ভিত্তিক ভারী ফর্মুলার বদলে হালকা ও সহজে ব্লেন্ড হয় এমন পণ্য ব্যবহার করা ভালো। গরমের দিনে স্বাভাবিক ও হালকা মেকআপ লুকই সবচেয়ে কার্যকর।
ওয়াটারপ্রুফ পণ্যের গুরুত্ব
গ্রীষ্মকালে ঘামের কারণে মেকআপ নষ্ট হয়ে যাওয়া খুব সাধারণ সমস্যা। এ ক্ষেত্রে ওয়াটারপ্রুফ মেকআপ পণ্য হতে পারে দারুণ সমাধান।
এসব পণ্যের ফর্মুলা এমনভাবে তৈরি করা হয়, যাতে পানি বা ঘাম সহজে মেকআপ নষ্ট করতে না পারে। বর্তমানে অনেক বিউটি ব্র্যান্ডই ওয়াটারপ্রুফ ফর্মুলার বিভিন্ন পণ্য বাজারে আনছে, ফলে সহজেই পছন্দমতো বিকল্প পাওয়া যায়।
ফিনিশিং টাচ দিতে ভুলবেন না
মেকআপ দীর্ঘসময় ধরে রাখতে সেটিং স্প্রে বা সেটিং পাউডার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, গরমের দিনে এই ধাপ বাদ দেওয়া ঠিক নয়।
অনেকেই মুখ ঘামলে টিস্যু বা রুমাল দিয়ে মুছে ফেলেন। কিন্তু এতে মেকআপ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এর পরিবর্তে ব্লটিং পেপার ব্যবহার করা ভালো। এটি মেকআপ না তুলে শুধু অতিরিক্ত তেল ও ঘাম শুষে নেয়।
ব্লটিং পেপার হাতের কাছে না থাকলে বিকল্প হিসেবে কিচেন টাওয়ালও ব্যবহার করা যেতে পারে। এটি সাধারণ টিস্যুর তুলনায় বেশি কার্যকরভাবে তেল ও ঘাম শোষণ করে।
সামান্য কৌশলেই দীর্ঘস্থায়ী মেকআপ
উপ-ক্রান্তীয় আবহাওয়ার দেশে তপ্ত গরম ও ভ্যাপসা দিন নিত্যসঙ্গী। এমন আবহাওয়ায় ত্বকে অস্বস্তি ও ঘাম হওয়া স্বাভাবিক। তবে সঠিক স্কিনকেয়ার, হালকা মেকআপ এবং কয়েকটি ছোট বিউটি ট্রিকস অনুসরণ করলে গরমেও সহজেই মেকআপ লুক সতেজ ও দীর্ঘস্থায়ী রাখা সম্ভব।
ঢাকা/লিপি