আ.লীগের পথে হাঁটতে শুরু করেছে বিএনপি: হাসনাত
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) পথে হাঁটতে শুরু করেছে বিএনপি সরকার। তারা পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে। স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরকারের হস্তক্ষেপ শুরু হয়েছে। জেলা আদালতগুলোতে কী রায় হবে, কী বিচার হবে; কে জামিন পাবে সব কিছু রিমোট কন্ট্রোলের মতো ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।”
সোমবার (২৫ মে) ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গত শুক্রবার ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় এনসিপি ও ছাত্রদল পাল্টাপাল্টি মামলা করে। ছাত্রদলের দায়ের করা মামলায় এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন হাসনাত আবদুল্লাহ।
সংবাদ সম্মেলন শেষে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপি নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, মুখ্য সমন্বয়ক রিফাত রশিদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আইনমন্ত্রীর জেলা ঝিনাইদহ। দুঃখের বিষয়, সেখানেই আজ আইন-আদালত সরকারের একটি মহলের হাতে বন্দী। সরকার পুলিশ ও বিচার বিভাগকে নিজেদের দলীয় এজেন্ডা দ্বারা পরিচালিত করছে।”
তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের আশা ছিল—পুলিশ জনগণের বাহিনী হবে। কিন্তু আমরা দেখছি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারের দলীয় সমর্থক হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে। এটা লজ্জাজনক।”
হাসনাত আবদুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, “বর্তমান সরকার আওয়ামী লীগের পথে হাঁটছে। আওয়ামী লীগের মতো বিচার, আদালত ও পুলিশকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বানাচ্ছে। আওয়ামী লীগ এসব কারণে জনরোষে পড়ে বিদায় নিয়েছে। এই সরকার যদি আওয়ামী লীগের মতো হওয়ার চেষ্টা করে, তাহলে আমরা তা মেনে নেব না। জেল, জুলুম, নির্যাতন করে মানুষকে দমিয়ে রাখা যাবে না।”
তিনি বলেন, “আজ আমরা (বিএনপি-এনসিপি-জামায়াত) যখন একে অপরের বিরুদ্ধে লড়ছি, তখন ভারতে বসে আওয়ামী লীগ হাসছে। আমরা নিজেরা লড়ছি। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে এটা হওয়ার কথা ছিল না।”
ঝিনাইদহে ছাত্রদল নেতার দায়ের করা মামলায় রবিবার গ্রেপ্তার হন এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। সোমবার সকাল ১০টায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পান তিনি।
ঢাকা/শাহরিয়ার/রাজীব
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে