আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: হাসনাত
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চৌদ্দগ্রাম বাজারে পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্য হাসনাত আবদুল্লাহ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশ করে বলেন, ‘‘যে দলের প্রধানরা দেশের লাখ লাখ নেতাকর্মীদের ফেলে পালিয়ে যায়, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই। আমাদের ভিতরে মত ভেদাভেদ থাকতে পারে, তবে আওয়ামী লীগের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ। এ দেশে আর কখনো আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না।’’
সোমবার (১৮ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘‘বেগম পাড়ায় আমাদের বাড়ি নাই। নেই কোনো গাড়ি। আমাদের মুরব্বিদের অনেকেরই বেগম পাড়ায় বাড়ি-গাড়ি রয়েছে। তাদের সন্তানরা বিদেশে পড়ালেখা করে, চিকিৎসা নিতে বিদেশে যায়। এ দেশের সাধারণ মানুষ দেশে চিকিৎসা নিলেও কিছু অসাধারণ মানুষ বিদেশে গিয়ে চিকিৎসা সেবা নেয়। এই ব্যবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে পাল্টাতে হবে। এ জন্য আমরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।’’
তিনি আরো বলেন, ‘‘বেকারমুক্ত বাংলাদেশ চাই। এ দেশের যুবসমাজকে কাজে লাগাতে হবে। সরকারি প্রত্যেকটি সেক্টরে মেধাবীদের স্থান করে দিবে। প্রাইভেট সেক্টরে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এসএমই সেক্টরকে আরও গতিশীল করতে হবে। আর এ জন্য আগামী বাজেটে এ দাবিগুলো অন্তর্ভুক্ত করতে হবে। যাতে আমাদের সন্তানরা বিদেশে গিয়ে পড়ালেখা করতে না হয়। দেশের শিক্ষাব্যবস্থাকে আরো আধুনিকায়ন করতে হবে।’’
এনসিপির এই শীর্ষ নেতা আরো বলেন, ‘‘আমরা এখন বিরোধী দলে আছি। অতি উৎসাহী কিছু পুলিশ পদোন্নতি পাওয়ার আশায় আমাদের নেতাকর্মীদের মারধর করবে, হয়রানি করবে এটা পুলিশের দোষ না। পুলিশ প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে। আমাদের দেশের রাজনীতিবিদরা পুলিশ প্রশাসনের উপর প্রভাব বিস্তার করে। যাতে করে তাদের কথা শুনে বিরোধী দলকে হয়রানি করতে পারে।’’
হাসিনার আমলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখার অপরাধে গ্রেপ্তার হতে হয়। বর্তমান সরকারের সময়েও এ জন্য গ্রেপ্তার হতে হয়। এ দেশটাকে আরো পাল্টাতে হবে- বলেন হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘‘যারা মাদক কারবারি করে, তারা দেশ ও জাতির শত্রু। তারা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। পুলিশ আর মাদক কারবারিরা একসঙ্গে চলতে পারে না। আমরা বিভিন্নভাবে জানি, যারা মাদক কারবারে জড়িত, তারা থানায় এসে দালালিও করে। এজন্য পুলিশকে আরো আধুনিকায়ন করে মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স হতে হবে।’’
জাতীয় যুব শক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রায়হানের সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মামুন মজুমদারের পরিচালনায় পদযাত্রায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপির মুখ্য সমন্বয়ক নাভীদ নওরোজ শাহ, জেলা যুগ্ম সমন্বয়কারী ইব্রাহিম খালেদ, এনসিপি নেতা মাসুমুল কাউছার, জাতীয় যুব শক্তির চৌদ্দগ্রাম উপজেলা সমন্বয়ক জাহিদুল তালুকদার, এনসিপি নেতা মো. হানিফ পাটোয়ারী, আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
ঢাকা/রুবেল/বকুল
এনইসিতে তিন লাখ কোটি টাকার এডিপি অনুমোদন