ঢাকা     সোমবার   ১৮ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩ || ১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মোতালিব প্লাজা মালিক সমিতি অফিস দখলচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ১৮ মে ২০২৬  
মোতালিব প্লাজা মালিক সমিতি অফিস দখলচেষ্টার অভিযোগ

দোকান মালিক সমিতির সংবাদ সম্মেলন।

রাজধানীর হাতিরপুলের মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির কার্যালয় দখলের অপচেষ্টার অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন করেন সমিতির নেতারা।

সোমবার (১৮ মে) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তারা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বক্তারা লিখিত বক্তব্যে বলেন, “বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নাম ব্যবহার করে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে পবন এবং আওয়ামী লীগ সরকারের আমলের দোকান মালিক সমিতির সাবেক কোষাধ্যক্ষ শাহ আলম সমিতির কার্যালয় দখলের অপচেষ্টা চালিয়েছেন।”

তারা অভিযোগ করেন, “এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সমিতির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার পাশাপাশি সংগঠনের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।”

তারা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মাহবুবুর রহমান বাচ্চু ও সদস্য শামীম মোল্লা অভিযোগ করেন,“বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আখতার হামিদ পবন এবং শাহ আলম বেপারীসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন বহিরাগত সন্ত্রাসী গত ১৬ মে সন্ধ্যায় মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অফিস জোরপূর্বক দখলের চেষ্টা চালান।”

তাদের দাবি, “এ সময় সাধারণ ব্যবসায়ী ও দোকান মালিকরা বাধা দিলে অভিযুক্তরা হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেন। পাশাপাশি সমিতির বর্তমান নেতৃত্ব ও সাধারণ ব্যবসায়ীদের হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।”

সংবাদ সম্মেলনে বলা হয়, অভিযুক্তরা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হতে না পারলে মোতালিব প্লাজায় আগুন দেওয়ার হুমকি দিয়েছেন।

লিখিত অভিযোগে আরো বলা হয়, দীর্ঘদিন সমিতির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করা শাহ আলম বেপারীর বিরুদ্ধে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। বর্তমানে সমিতির প্রায় ৮৩ লাখ টাকা তার জিম্মায় রয়েছে বলেও দাবি করেন বক্তারা। এসব অর্থের কোনো হিসাব দেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে সমিতির নেতারা তাদের অবস্থান, অভিযোগের বিভিন্ন দিক এবং পরবর্তী করণীয় তুলে ধরেন। এ সময় মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/রায়হান/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়