তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, ধৈর্য ধরুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৮ মে) দুপুরে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আমাদের সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে একটি ফারাক্কা চুক্তি, অন্যটি পদ্মা ব্যারেজ প্রকল্প এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আমাদের সরকার গঠনের মাত্র তিন মাস হয়েছে। মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কিছু টেকনিক্যাল ও পরীক্ষা-নিরীক্ষার বিষয় রয়েছে। যাচাই-বাছাই প্রক্রিয়াও চলছে। এজন্য আমাদের একটু সময় দিতে হবে।”
তিস্তা মহাপরিকল্পনার কাজ কবে শুরু হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “একনেকে পদ্মা ব্যারেজের জন্য বরাদ্দ হয়েছে। ইনশাআল্লাহ তিস্তা মহাপরিকল্পনার জন্যও হবে। প্রধানমন্ত্রী নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছেন। তাই সবাইকে ধৈর্য ধরতে হবে। অপেক্ষা করুন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।”
ফারাক্কা চুক্তি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “আগামী ১১ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে। আমরা চুক্তিটি আবারো বাস্তবায়ন করতে চাই। এখন পর্যন্ত যতগুলো ফারাক্কা চুক্তি হয়েছে, তার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯৭৭ সালের চুক্তিটি সবচেয়ে ভালো ও সময়োপযোগী ছিল। সেই আলোকে এবারো আলোচনা চলছে।”
ঢাকা/আমিরুল/রাজীব