ঈদে ৭ দিন মহাসড়কে যেসব যান চলবে না
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, কভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে কোরবানির পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, বন্দরের মালামাল এবং গার্মেন্টস পণ্য পরিবহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
সোমবার (১৮ মে) ঈদুল আজহা উপলক্ষে সড়ক পথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে বিশেষ সভা শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এ তথ্য জানায়। বেলা ১১টায় দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। এতে সড়ক পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার ও সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় কমিশনার বলেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ রাখতে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে কঠোর নজরদারি চালানো হবে। ফিটনেসবিহীন, ঝুঁকিপূর্ণ ও বিধিনিষেধ অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সভায় যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে- গণপরিবহনে দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট প্রদর্শন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান পরিচালনা, লক্কড়-ঝক্কর ও ত্রুটিপূর্ণ যান চলাচল বন্ধ করা এবং পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন ঠেকাতে ব্যবস্থা গ্রহণ।
এছাড়া ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে মোটরযানের নির্ধারিত গতিসীমা কার্যকর করতে সড়ক ও মহাসড়কে প্রয়োজনীয় সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যানজট নিরসন ও পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিতে সিএমপি, বিআরটিএ এবং মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে পৃথক ভিজিল্যান্স ও মনিটরিং টিম গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খানসহ সিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
ঢাকা/রেজাউল/রাজীব
এনইসিতে তিন লাখ কোটি টাকার এডিপি অনুমোদন