ঢাকা     সোমবার   ১৮ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩ || ১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কারিগরি খাতে ৫ প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশি কর্মী চায় কাতার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ১৮ মে ২০২৬  
কারিগরি খাতে ৫ প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশি কর্মী চায় কাতার

বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং খাতের কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। বাংলাদেশ-কাতার যৌথ কমিটির বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী এ আগ্রহের কথা জানান।

রবিবার (১৭ মে) সচিবালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-কাতার সপ্তম যৌথ কমিটির বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি এ আগ্রহের কথা জানান।

আরো পড়ুন:

বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “কাতার বাংলাদেশি কর্মীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় শ্রমবাজার। বর্তমানে ৪ লাখের বেশি বাংলাদেশি কর্মী দেশটির উন্নয়ন কর্মকাণ্ডে কাজ করছেন। ২০২৩ সালে ১ লাখ ৭ হাজার ৫৯৮ জন কর্মী কাতারে গেছেন।” চলতি বছরে কাতার এ সংখ্যার দ্বিগুণ কর্মী নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী আরো বলেন, “কাতারগামী কর্মীদের জন্য ঢাকায় মাত্র একটি ভিসা ও মেডিকেল সেন্টার রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।” এ কারণে দেশের আটটি বিভাগীয় শহরে কাতারের ভিসা ও মেডিকেল সেন্টার স্থাপনের অনুরোধ জানান তিনি।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক কাতারের উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশ থেকে দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, নার্স, কেয়ারগিভার, ইমাম, মোয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষক নিয়োগের আহ্বান জানান।

কাতারের শ্রমমন্ত্রী বলেন, “বর্তমানে কাতারে প্রায় ৪ লাখ ৭৩ হাজার বাংলাদেশি শ্রমিক কাজ করছেন।”

বাংলাদেশি কর্মীদের দক্ষতার প্রশংসা করে তিনি জানান, বিভাগীয় শহরে ভিসা সেন্টার বাড়ানোর বিষয়ে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আলি মাহদি সাঈদ আল-কাহতানি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলামসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়