ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তুরস্ক ও তিউনিসিয়া
প্রতীকী ছবি
সবার আগে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দুটি দেশই নিশ্চিত করেছে- আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা পালিত হবে।
রবিবার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৬ মে) বিশ্বের প্রথম দেশ হিসেবে সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার ঘোষণা দিয়েছে তিউনিসিয়া। এরপর তুরস্কও ঈদের তারিখ ঘোষণা করে।
তবে তুরস্ক সরাসরি খালি চোখে চাঁদ দেখার পরিবর্তে আগে থেকে হিসাব করে রাখা ইসলামিক ক্যালেন্ডার ও জ্যোতির্বিজ্ঞানের ওপর ভিত্তি করে এই তারিখ নির্ধারণ করেছে।
দুটি দেশই নিশ্চিত করেছে যে, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে (সোমবার) জিলহজ মাস শুরু হবে। সেই হিসেবে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা কবে পালিত হবে, তা আজ রবিবার (১৭ মে) সন্ধ্যায় জানা যাবে। এসব দেশের চাঁদ দেখা কমিটি সন্ধ্যায় বৈঠকে বসবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করেই তারা আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করবে।
ঢাকা/ফিরোজ