হাবিপ্রবিতে ২ দিনব্যাপী কৃষি-পরিবেশ কর্মশালা সম্পন্ন
হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আয়োজিত ২ দিনব্যাপী কৃষি ও পরিবেশ বিষয়ক কর্মশালা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ কর্মশালাটি শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়।
কর্মশালায় আগের দিন অনুষ্ঠিত কৃষি ও পরিবেশ বিষয়ক উদ্ভাবনী প্রদর্শনী, প্রেজেন্টেশন ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো ধারণা ও মতামত উপস্থাপনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা তাদের আলোচনায় কৃষি ও পরিবেশের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, পরিবেশের ক্ষতি না করে কৃষির উন্নয়ন ঘটাতে হবে। টেকসই কৃষি ব্যবস্থার জন্য পরিবেশ সুরক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।
বক্তারা আরো বলেন, বর্তমান সরকার কৃষি ও পরিবেশ বিষয়ে সচেতন ভূমিকা পালন করছে। পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে কৃষির সঠিক সম্প্রসারণে সবাইকে সহযোগিতা করতে হবে। তাহলেই জনবহুল এ দেশে নিরাপদ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হবে এবং বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা যাবে।
তারা বলেন, পরিবেশের ক্ষতি করে কোনোভাবেই কৃষিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। কৃষি বলতে শুধু শস্য উৎপাদন নয়; খাদ্য, মাছ, মাংস ও অন্যান্য কৃষিপণ্য উৎপাদনও এর অন্তর্ভুক্ত। এ সময় উপস্থিত সবাইকে নিরাপদ কৃষি নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করার আহ্বান জানান বক্তারা।
কৃষি ও পরিবেশ বিষয়ক এমন কর্মশালায় অংশ নিতে পেরে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ কর্মশালায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক ও প্ল্যান্ট প্যাথলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মহিদুল হাসান, কৃষক সেবা কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ ফারুক হাসান, নুর হোসেন হলের হল সুপার ও ক্রপ ফিজিওলজি অ্যান্ড ইকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. হাফিজুর রহমান হাফিজ, এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সহকারী অধ্যাপক সুস্মিতা শারমিন এবং নাসিক প্ল্যান্ট অ্যান্ড পট লিমিটেডের পরিচালক মো. শাহিনুর ইসলাম শাহিন। এছাড়াও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৫ মে) শুরু হওয়া এ কর্মসূচি শুরু হয়।
ঢাকা/সাকিব/জান্নাত