ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ২৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আবারও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম

সাতসতেরো ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ১৭ মে ২০২৬   আপডেট: ১৬:০৩, ১৭ মে ২০২৬
আবারও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম

আফসানা বেগম

কথাসাহিত্যিক আফসানা বেগম আবারও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। 

এর আগে চলতি বছরের জানুয়ারিতে আফসানা বেগমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। পরে তার স্থলে কবি ও প্রবন্ধকার এ এইচ এম সাখাওয়াত উল্লাহ–কে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি সাহিত্যাঙ্গনে সাখাওয়াত টিপু নামেই বেশি পরিচিত।

২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথমবার জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পান আফসানা বেগম। তখন দুই বছরের জন্য তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলেও মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সেই নিয়োগ বাতিল করা হয়। নিয়োগ বাতিলের ঘটনাকে ঘিরে সে সময় তৎকালীন অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার ভূমিকা নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। এ বিষয়ে আফসানা বেগম জানিয়েছিলেন, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে চার দিনের প্রশিক্ষণে তিনি কক্সবাজারে অবস্থান করছিলেন। প্রশিক্ষণ শেষ হওয়ার আগেই সেখানেই মন্ত্রণালয়ের সিদ্ধান্তের খবর পান তিনি।

সবশেষে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে আবারও তাকে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এবার তার নিয়োগের মেয়াদ নির্ধারণ করা হয়েছে এক বছর।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়