যাত্রাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকার যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ সাজিদ হাসান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।
রবিবার (১৭ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সাজিদ হাসানের বাড়ি রাজধানীর কদমতলীর মেরাজনগর এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ সোলাইমান।
নিহতের বাবা সোলাইমান জানান, তার ছেলে একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো আজও অফিসের কাজে মোটরসাইকেলে বের হন তিনি। পথে শনিরআখড়া মোড়ে একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে সাজিদ গুরুতর আহত হন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ঢাকা/বুলবুল/ইভা