বড়শিতে ধরা পড়ল বিরল প্রজাতির ডলফিন
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিষখালী নদীতে জেলের বড়শিতে ধরা পড়ে ধূষর বর্ণের বিরল প্রজাতির এই ডলফিন
বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে জেলের বড়শিতে ধরা পড়ল ধূষর বর্ণের বিরল প্রজাতির একটি ডলফিন।
শনিবার (১৬ মে) রাতে বরগুনার বেতাগী ফেরিঘাট সংলগ্ন বিষখালী নদীতে স্থানীয় এক জেলের বড়শিতে প্রায় ১৫ কেজি ওজনের ডলফিনটি ধরা পড়ে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো কয়েকজন জেলে বিষখালী নদীতে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এসময় একটি বড় আকৃতির ডলফিন বড়শিতে আটকে যায়। পরে অনেক চেষ্টার পর সেটিকে নদী থেকে তীরে তুলে আনা হয়। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ডলফিনটি দেখতে ভিড় জমায়।
জেলে জলিল মৃধা বলেন, ডলফিনটি বড়শিতে আটকে যাওয়ার পর অনেকক্ষণ পানিতে ছটফট করছিল। পরে সেটি দুর্বল হয়ে পড়লে তীরে নিয়ে আসি। আমরা চেয়েছিলাম বড়শি থেকে আলাদা করে ডলফিনটি আবার নদীতে ছেড়ে দেবো। কিন্তু তীরে আসার পর পরই ডলফিনটি মারা যায়।
বরগুনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা প্রাণিসম্পদ টিম পাঠিয়েছিলাম ডলফিনের চিকিৎসা নিশ্চিত করতে। কিন্তু তার আগেই মারা গেছে ডলফিনটি।”
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, “জেলেরা নিয়মিত বড়শিতে মাছ শিকার করে বিষখালীতে। ডলফিন এই নদীতে আসার ঘটনা আগে কখনো ঘটেনি। তবে, ধারণা করছি খাবারের সন্ধানে ডলফিনটি পথ ভুলে এদিকে চলে আসছিল হয়তো। এটি বিরল প্রজাতির ডলফিন। ওজন ১৫ কেজি। তবে, জেলেদের কোনো ভুল আছে কিনা সেটা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
ঢাকা/ইমরান/ইভা