ঢাকা     শনিবার   ১৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩৩ || ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে বিস্ফোরণে নিহত একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ১৬ মে ২০২৬   আপডেট: ১২:১২, ১৬ মে ২০২৬
নারায়ণগঞ্জে বিস্ফোরণে নিহত একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন

টুয়াখালীর বাউফল উপজেলার কনদিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্যাস লিকেজ বিস্ফোরণে মারা যাওয়া চারজনের জানাজা শনিবার সকালে অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নিহত একই পরিবারের চার সদস্যের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর কনদিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

এর আগে, গ্রামের বাড়ি সংলগ্ন কনদিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আবুল কালামের স্ত্রী সায়মা (৩২), বড় মেয়ে মুন্নি (১০), ছেলে মুন্না (৮) ও ছোট মেয়ে কথা মনির (৭) জানাজা অনুষ্ঠিত হয়। বিস্ফোরণের ঘটনায় নিহত এই পরিবারের অভিভাবক কালামকে (৪০) গত সোমবার দাফন করা হয়।

আরো পড়ুন:

নিহত কালামের চাচাতো ভাই রফিক মিয়া বলেন, “কালামের বাবা-মা কেউই বেঁচে নেই। পুরো পরিবার এখন নিঃস্ব। একই পরিবারের পাঁচজনকে হারিয়ে আমরা আত্মীয় স্বজনরা সবাই শোকে স্তব্ধ। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি।”

তিনি বলেন, “গ্রামের মানুষ মিলে দাফনের সব ব্যবস্থা করেছে।”

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. সফিকুল ইসলাম মাসুদ সাংবাদিকদের বলেন, “আমি ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে ঢাকায় তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা করেছি। মরদেহ পটুয়াখালীতে আনার জন্য যা যা করা দরকার সেগুলোর ব্যবস্থা করেছি। একই পরিবারের পাঁচজনের মৃত্যু আমাদের অনেক কষ্ট দিয়েছে।” 

গত রবিবার নারায়ণগঞ্জের ফতুল্লায় গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এই বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন সবজি বিক্রেতা কালাম। বিস্ফোরণে পরিবারের পাঁচ সদস্যই দগ্ধ হন। পরে তাদের রাজধানীর জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার কামালের মৃত্যু হয়। এরপর একে একে তার পরিবারের অন্য চার সদস্যও মারা যান। তাদের মৃত্যুতে উত্তর কনদিয়া গ্রামে নেমে আসে শোকের ছায়া।

ঢাকা/ইমরান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়