বরুড়ায় পথসভা করবেন প্রধানমন্ত্রী
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে ব্যানার নিয়ে অবস্থান করছেন কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৬ মে) কুমিল্লায় আসছেন। চাঁদপুরের যাওয়ার পথে বরুড়ায় পথসভায় যোগ দেবেন তিনি। তার আগমনকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে পথসভার মঞ্চও। সকাল থেকেই সভাস্থল পরিদর্শনের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারি শুরু করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধানমন্ত্রীর কাছে কুমিল্লা নামে বিভাগের প্রত্যাশা করছেন বিএনপি নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভাসহ একাধিক কর্মসূচি রয়েছে। ওই সফরের অংশ হিসেবেই কুমিল্লার বরুড়ায় সংক্ষিপ্ত পথসভা করবেন তিনি। কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে লক্ষ্মীপুর বাজার খেলার মাঠে বেলা ১১টায় পথসভা অনুষ্ঠিত হবে।
এদিকে, শুক্রবার কুমিল্লায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, “প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে সভাস্থল ও আশপাশের এলাকায় প্রস্তুতি জোরদার করা হয়েছে। মাঠ পরিচর্যা, প্যান্ডেল নির্মাণ ও সড়কের সৌন্দর্য বর্ধনের কাজ চলছে পুরোদমে।”
তিনি বলেন, ২০০১ সালে তারেক রহমান বরুড়ায় এসেছিলেন। এবার ২৫ বছর পর তিনি আসছেন। কুমিল্লার মানুষ তার কাছে কুমিল্লা নামে বিভাগ প্রত্যাশা করছেন।
কুমিল্লার জেলা প্রশাসক মুহম্মদ রেজা হাসান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে সভাস্থল পরিদর্শন করেছি। এসএসএফের সঙ্গেও বৈঠক হয়েছে। সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”
ঢাকা/অমরেশ/মাসুদ