সরাইলে টর্চ জ্বালিয়ে পৃথক সংঘর্ষ, আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শুক্রবার রাতে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) রাতে গাড়ির হর্ন বাজানো ও পূর্ব বিরোধ নিয়ে উপজেলা সদর ইউনিয়ন ও চুন্টা ইউনিয়নে ঘটনাগুলো ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় সরাইল সদর ইউনিয়নের আলিনগর গ্রামের মাইক্রোবাস চালক মোহাম্মদ জয় পাঠানপাড়া এলাকা অতিক্রম করার সময় রাস্তা থেকে পথচারীদের সরাতে হর্ন বাজান। এনিয়ে পাঠানপাড়া গ্রামের ইদ্রিসখার জামাতার সঙ্গে মাইক্রোবাসচালক জয়ের কথা কাটাকাটি হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে রাতে পাঠানপাড়া ও আলিনগর গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পাঠানপাড়া গ্রামের পক্ষে জিলুকদার পাড়া এবং আলিনগর গ্রামের পক্ষ নিয়ে সরাইল গ্রামের লোকজনও সংঘর্ষে জড়ান। তারা টর্চ লাইটের আলো জ্বালিয়ে একে অন্যকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
এদিকে, রাতে উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামে পূর্ব বিরোধের জেরে সফর ও শ্রাবণের গোষ্টীর মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্তত ১৫ জন আহত হন।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি সংঘর্ষই নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ