ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, স্কুলছাত্র নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ১৫ মে ২০২৬   আপডেট: ২১:৫৯, ১৫ মে ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, স্কুলছাত্র নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে রনি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে আখাউড়া পৌরসভার দেবগ্রাম টানা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের বিনাউটি গ্রামের রূপ মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক মো. জুয়েল মিয়া (২৫) আখাউড়া পৌরসভার দেবগ্রাম এলাকার ৮ নম্বর ওয়ার্ডের জাকির মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দেবগ্রাম টানা ব্রিজ এলাকার সড়ক দিয়ে যাত্রী নিয়ে যাওয়ার সময় চালক জুয়েল মিয়া অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে দ্রুত গতির অটোরিকশাটির। এতে গাড়িতে থাকা রনি গুরুতর আহত হয়।

স্থানীয়রা রনিকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আশুগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/পলাশ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়